যশোরে মারা গেল একজন, ১১ জেলায় আহত ১০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় আহত যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মনছুর আলী (৪৩) গত বৃহস্পতিবার রাতে মারা গেছেন। আরও ১১টি জেলার কমপক্ষে ২০টি ইউনিয়নে বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার হামলা, অগ্নিসংযোগ, সংঘর্ষ ও লুটের ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন। এ নিয়ে গত ২৪ দিনে নির্বাচনকেন্দ্রিক সংঘর্ষে আটজন নিহত হলেন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর: মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নে গত বুধবার রাতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবুল ইসলাম ও দলের বিদ্রোহী প্রার্থী আবদুল হামিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মনছুর আলী গুরুতর আহত হন। তাঁকে মাথায় কোপানো হয়েছিল। তিনি আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহেরুল ইসলাম বলেন, নির্বাচনী পথসভায় জেলা আওয়ামী লীগের নেতারা উসকানিমূলক বক্তব্য দেওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মনছুরসহ কয়েকজন আহত হন। তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
বরগুনা: গতকাল দুপুরে বেতাগী উপজেলার সদর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলামের সমর্থকেরা দলের বিদ্রোহী প্রার্থী ফারিয়া আমিনুল ইসলামের সমর্থকদের ওপর হামলা করলে কমপক্ষে ১০ জন আহত হন। গতকাল বিকেলে সদরের নলটোনা ইউনিয়নের বিএনপি প্রার্থী সফিকুজ্জমানের সমর্থকদের অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর চালান আওয়ামী লীগের প্রার্থী হুমায়ুন কবিরের সমর্থকেরা। এতে অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছেন।
এর আগে বৃহস্পতিবার রাতে সদরের ঢলুয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আজিজুল হকের সমর্থকদের হামলায় গুরুতর আহত হয়েছেন বিএনপির প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল টিটুর ছোট ভাই লিটনসহ পাঁচজন।
ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. জাহাঙ্গীর মোল্লার নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে বৃহস্পতিবার রাতে। এ ঘটনার জন্য দলের বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান লিটনকে দায়ী করেছেন তিনি। একই রাতে আমুয়া ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী আখতার হোসেনর চারটি নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়। আওয়ামী লীগের প্রার্থী আমিরুল ইসলাম সিকদারের সমর্থকদের দায়ী করেছেন বিএনপির প্রার্থী। এসব ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
এ ছাড়া নলছিটির সুবিদপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমির সোহেল মল্লিকের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছেন আওয়ামী লীগের প্রার্থী মান্নান সিকদারের সমর্থকেরা। হামলাকারীরা পিটিয়ে তিনজনকে আহত করেন। কুশঙ্গল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান সরদারের প্রচার মাইক ভাঙচুর করা হয়েছে। কীর্ত্তিপাশা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবদুস শুক্কুর মোল্লার কর্মীরা দলের বিদ্রোহী প্রার্থী আবদুর রহিমের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছেন। এ সময় পিটিয়ে দুজকে আহত করা হয়।
পিরোজপুর: মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়নে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের প্রার্থী নাসির হাওলাদার ও দলের বিদ্রোহী প্রার্থী মাইনুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন আহত হয়েছেন। আওয়ামী লীগের কর্মীরা অন্য প্রার্থীর সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়িঘরে ভাঙচুর করেছেন।
ওই রাতে কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মাহামুদ খানের চাচা আবদুল মজিদ খানকে (৬০) কুপিয়ে জখম করেছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমানের সমর্থকেরা। ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নে জেপির চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমানের গাড়ি ভাঙচুর ও তাঁর পাঁচ সমর্থককে আহত করেছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বাদশা মিয়ার সমর্থকেরা। ইকড়ি ইউনিয়নে জেপির চেয়ারম্যান প্রার্থী আবদুল হাই হাওলাদারের চার সমর্থককে আহত করেন আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা।
নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জিয়া উদ্দিনের সমর্থক রতনকে কুপিয়ে জখম করেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মাহামুদ করিমের সমর্থকেরা।
বরিশাল: আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নে গতকাল আওয়ামী লীগের প্রার্থী বিপুল দাসের কর্মীদের হামলায় বিদ্রোহী প্রার্থী লাবণ্য আক্তারের পাঁচজন কর্মী আহত হয়েছেন। লাবণ্য আক্তার বলেন, গণসংযোগ করার সময় আওয়ামী লীগের প্রার্থীর সন্ত্রাসীরা লাঠিসোঁটা নিয়ে তাঁর কর্মীদের ওপর হামলা চালান।
পটুয়াখালী: গতকাল বাউফল উপজেলার কনকদিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমানের ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁর চার কর্মীকে পিটিয়ে আহত করা হয়। হামলার জন্য তিনি আওয়ামী লীগের প্রার্থী শাহিন হাওলাদারকে দায়ী করেছেন।
শেরপুর: নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নে গতকাল সকালে আওয়ামী লীগের প্রার্থী আমানউল্লাহ বাদশা ও দলের বিদ্রোহী প্রার্থী খোরশেদ আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া: আশুগঞ্জ উপজেলায় দুর্গাপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জিয়াউল করিম খানের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোররাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার রাতে শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া এলাকায় প্রচারণাকালে আওয়ামী লীগের প্রার্থী সাইফউদ্দিন চৌধুরীর সমর্থকদের ওপর ককটেল হামলা চালানো হয়।
পাবনা: সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে গতকাল সকালে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পাবনা সদর থানার ওসি আবদুল্লাহ আল হাসান বলেন, নির্বাচনের আগে আধিপত্য বিস্তার নিয়ে ভাঁড়ারা ইউপির বর্তমান চেয়ারম্যান আবু সাঈদের সঙ্গে আওয়ামী লীগের নেতা লস্কর খানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। লস্কর খানের ছেলে সুলতান মাহমুদ ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত।
কুষ্টিয়া: বৃহস্পতিবার রাতে দৌলতপুরে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জোয়াদুর রহমানের বাড়িতে আওয়ামী লীগ-দলীয় চেয়ারম্যান প্রার্থী শাহ আলমগীরের সমর্থকেরা হামলা চালিয়ে নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করেছেন।
এদিকে ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়নে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের প্রার্থী আবুল হোসেনের একটি নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সেখানে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। আবুল হোসেন এ ঘটনার জন্য জাসদের প্রার্থী গিয়াস উদ্দীনকে দায়ী করেছেন।
খুলনা: বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মুসফিকুর রহমান সাগরকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সোয়া একটার দিকে ইউনিয়নের পারশেমারী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম নামের একজন আহত হয়েছেন।
বটিয়াঘাটা থানার ওসি মামুন অর রশিদ বলেন, এলাকার কেউই গুলির শব্দ শুনেছে বলে নিশ্চিত করতে পারেনি। তবে আহত জাহাঙ্গীর আলমের হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
গাজীপুর: কালীগঞ্জের বাহাদুরসাদী ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সাহাবুদ্দিন আহমেদের সমর্থকেরা বিএনপির চেয়ারম্যান প্রার্থী এস এম জয়নাল আবেদীনের কর্মীদের মারধর ও নির্বাচনী প্রচারণায় বাধা দিয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ধোলাসাধুখা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিএনপির পাঁচজন নেতা-কর্মীকে মারধর করা হয়।