যশোরে মুদ্রণ শ্রমিক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় ছুরিকাঘাতে শহিদুল ইসলাম (৩৬) নামের এক মুদ্রণ শ্রমিক নিহত হয়েছেন। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোরে তিনি মারা যান। শহিদুল উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
এ ঘটনায় শহিদুলের ভাই ওহিদুজ্জামান বাদী হয়ে চারজনকে আসামি করে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত আসামি আশরাফুল ইসলামকে পুলিশ সকালে গ্রেপ্তার করেছে। আশরাফুল সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আবদুল কাদেরের ছেলে।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের কাছ থেকে জানা গেছে, শহিদুল ও আশরাফুল ঝুমঝুমপুর এলাকার ইউনিক প্রিন্টার্সে কাজ করতেন। পলিথিন ছাপানো নিয়ে গত সোমবার রাত পৌনে ১০টার দিকে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আশরাফুল শহিদুলের পেটে ছুরিকাঘাত করেন।