যশোর সদর উপজেলায় ‘গোলাগুলিতে’ আজাদুর রহমান ওরফে টোকন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার রাতে সদরের মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বলেছে, সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে ওই যুবক নিহত হয়েছেন।
নিহত আজাদুর ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মকিমপুর গ্রামের আব্বাস আলীর ছেলে। পরিবারের অভিযোগ, পুলিশ তাঁকে গুলি করে হত্যা করেছে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেনের ভাষ্য অনুযায়ী, বুধবার রাত দুইটার দিকে সদর উপজেলার মথুরাপুর গ্রামের একটি পেট্রলপাম্পের পাশে আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচটি গুলি ছুড়ে সন্ত্রাসীদের হটিয়ে দেয়। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আজাদের মৃত্যু হয়। তিনি বলেন, ‘পুলিশের গুলিতে নয়, সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আজাদুর নিহত হয়েছেন।’
তবে আজাদুরের ভাই আসলাম উদ্দীন গতকাল বলেন, ‘পুলিশ সদস্যরা মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে আজাদুরকে হত্যা করেছে।’ তিনি বলেন, ‘গত শনিবার থেকে আজাদ নিখোঁজ ছিলেন। সোমবার যশোরের বাঘারপাড়া থানা থেকে আমার মুঠোফোনে যোগাযোগ করে বলা হয়, “আপনার ভাইকে বাঁচাতে চাইলে টাকাপয়সা নিয়ে যোগাযোগ করেন।” এরপর থেকে ওই নম্বরে আর যোগাযোগ করা যায়নি।’
বাঘারপাড়ার ওসি ছয়রুদ্দিন বলেন, গত রোববার ছিনতাইয়ের সময় আজাদুরসহ তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় লোকজন। পুলিশ পাহারায় তাঁদের বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজাদের অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বাঘারপাড়া থানার চার পুলিশ সদস্যের হেফাজতে মঙ্গলবার বিকেলে তাঁকে একটি ইজিবাইকে করে যশোরে পাঠানো হয়। পথে বাঘারপাড়ার আয়াপুর এলাকায় পৌঁছালে পুলিশের হাত থেকে পালিয়ে যান আজাদুর।