যশোরে যুবলীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে দিনদুপুরে এজাজ হোসেন (৪৫) নামে যুবলীগের এক নেতাকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি ইউনিয়নের মল্লিকপাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ বলছে, প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। দুপক্ষই ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে জড়িত। নিহত এজাজের ভাই জানিয়েছেন, একটি বিলের দখল নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। হামলাকারীরা ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে যুক্ত।
এজাজ চূড়ামনকাঠি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য ছিলেন। সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এজাজ হোসেন ও তাঁর সহযোগী আন্তাজ আলী মোল্লা গতকাল সকাল আটটার দিকে একটি মোটরসাইকেলে করে চূড়ামনকাঠি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। মল্লিকপাড়া এলাকায় পৌঁছানোর পর অপর একটি মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি কাছাকাছি এসে এজাজের মাথায় গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন এজাজকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।