যশোরে রাস্তা ফুটপাত দখল করে দোকান
যশোর শহরের ব্যস্ত কয়েকটি সড়ক ও ফুটপাত দখল করে দোকান এবং যানবাহনের স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। এ কারণে শহরে তীব্র যানজট তৈরি হচ্ছে। এতে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড় থেকে যেকোনো প্রান্তে যেতে মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, শহরের দড়াটানা মোড়, চিত্রা মোড়, পানবাড়ী মোড়, জেনারেল হাসপাতাল ও মনিহার প্রেক্ষাগৃহের সামনে গড়ে উঠেছে ইজিবাইকসহ তিন চাকার বিভিন্ন যান। দড়াটানা মোড় থেকে চারটি সড়ক শহরের বাইরে চলে গেছে। এর মধ্যে দড়াটানা মোড়ের পশ্চিম দিকে জেলা প্রশাসকের কার্যালয় ঘেঁষে গেছে গরিবশাহ সড়ক। এ সড়কের এক পাশে ভৈরব নদের তীরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা গড়ে তুলেছেন অন্তত ৫০টি ব্যবস্থাপ্রতিষ্ঠান। সড়কের অন্য পাশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সারি সারি ইজিবাইক। এতে সড়কের তিন ভাগের দুই ভাগই অবৈধ দখলে চলে গেছে।
দড়াটানা মোড়ের পূর্ব দিকে নেতাজি সুভাষ চন্দ্র বসু সড়ক। এ সড়কের পাশের বেশির ভাগ বহুতল ভবনে গাড়ি রাখার ব্যবস্থা নেই। জেস টাওয়ারসহ কয়েকটি বড় বিপণিবিতানের সামনে সড়কের ওপর রাখা হয়েছে যানবাহন। জেস টাওয়ারের উল্টো দিকে একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়। কুরিয়ার সার্ভিসের মালামাল সড়কের ওপরে রাখা আছে। এ ছাড়া সড়কের পাশে আরও দুটি কুরিয়ার সার্ভিসের শাখা কার্যালয় রয়েছে। এসব কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান সড়কের ওপরে রেখে মালামাল ওঠানো-নামানো হয়।
দড়াটানা মোড়ের দক্ষিণ দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক। এ সড়কের অন্তত আধা কিলোমিটার জায়গাজুড়ে দুই পাশের ফুটপাতসহ সড়কের একাংশ দখল করে পুরোনো কাপড়ের অন্তত ১০০ দোকান, ফার্নিচার এবং ভাঙারির আরও অন্তত ৫০টি অস্থায়ী দোকান বসানো হয়েছে।
এ ছাড়া রেল সড়কের চারখাম্বার মোড় থেকে টিবি ক্লিনিক মোড় পর্যন্ত সড়কের ওপর আসবাবের প্রায় ৫০টি দোকান রয়েছে। এ দখলদারির কারণে এসব সড়কে পথচারীদের চলাচল দুরূহ হয়ে পড়েছে। তীব্র যানজটে নাকাল হচ্ছে শহরবাসী।
এ সড়কের অবৈধ দখলদার আসবাবের ব্যবসায়ী আবদুস সোবহান বলেন, ‘পৌরসভার আগের মেয়রের লোকজন দৈনিক পাঁচ টাকার স্লিপ দিয়ে চাঁদা তুলত। তখন আমরা একধরনের বৈধতা পেয়েছিলাম। কয়েক মাস আর চাঁদা নিচ্ছে না। আমাদের উঠে যাওয়ার জন্য বলা হচ্ছে। কিন্তু আমরা এখন উঠে কোথায় যাব?’
আরেক ব্যবসায়ী ইউসুফ আলী বলেন, ‘স্বাধীনতার পর থেকেই আমরা রাস্তার পাশের জায়গায় ব্যবসা করছি। মাঝেমধ্যে উচ্ছেদ হয়। আবার ঘর গড়ি। আমাদের আসলে ভাঙা-গড়ার মধ্যেই থাকতে হয়।’
শহরের বাসিন্দা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ইকবাল কবির বলেন, ‘শহরের নান্দনিকতা সৃষ্টি ও যানবাহন চলাচলে শৃঙ্খলা ব্যবস্থাপনায় পৌর কর্তৃপক্ষের কোনো দৃষ্টিভঙ্গি আছে বলে মনে হয় না। যে কারণে ছিন্নমূল মানুষ কর্মসংস্থানের জন্য ফুটপাতে গিয়ে বসছে। বিত্তবানেরা সড়ক দখল করে স্থাপনা গড়ে তুলছে। এতে শহরে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। মানুষের ভোগান্তি বাড়ছে। এ সমস্যা সমাধানের জন্য এখনই একটি সুষ্ঠু নীতিমালা ঠিক করা দরকার।’
যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার বলেন, ‘আমার প্রথম কাজ হবে শহরের মানুষের নিরাপদে ও নির্বিঘ্নে চলাচলের পরিবেশ সৃষ্টি করা। অবৈধ দখলমুক্ত করে শহরকে বাসযোগ্য করে তোলা। শহরের কোথাও ময়লা-আবর্জনা থাকবে না। তবে এর জন্য শহরের সচেতন মানুষদেরও কিছু দায়িত্ব নিতে হবে।’