যশোরে রাস্তা বন্ধ করে ছাত্রলীগের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরে ব্যস্ত সড়ক বন্ধ করে সমাবেশ করেছে ছাত্রলীগের একাংশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের ব্যস্ততম চিত্রা মোড় থেকে চৌরাস্তা মোড় পর্যন্ত সড়ক বন্ধ করে এ সমাবেশ করা হয়। এ সময় শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
এদিকে জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে বেলা তিনটার দিকে শহরের সিভিল কোর্ট মোড়ে নির্মিত বিএনপির সভামঞ্চ ভেঙে দিয়েছে পুলিশ। প্রতিবাদে আজ বুধবার বিকেলে চৌরাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের যশোর জেলা শাখার একাংশের উদ্যোগে ওই সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু। প্রধান বক্তা ছিলেন যশোর সদর আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে সাংসদ শেখ আফিল উদ্দীন ও মনিরুল ইসলামের থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তাঁরা আসেননি। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম।
সমাবেশের সময় শহরের দড়াটানা মোড় থেকে চৌরাস্তা মোড়গামী সব ধরনের যানবাহন চিত্রা মোড় থেকে বাইপাস সড়কে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এতে লোকজনকে অনেক পথ ঘুরে চৌরাস্তা মোড়ে থানার সামনে আসতে হয়েছে।
ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে, সমাবেশের জন্য আগে থেকে প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে।
জানতে চাইলে জেলা পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন প্রথম আলোকে বলেন, চৌরাস্তা মোড়ে সমাবেশ করার জন্য ছাত্রলীগকে অনুমতি দেওয়া হয়েছে। মানুষের দুর্ভোগের কথা ভেবে চিত্রা মোড় থেকে যানবহন বাইপাস সড়কে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
বিএনপির সভামঞ্চ ভেঙে দেওয়ার বিষয়ে রেশমা শারমিন বলেন, বিএনপি সমাবেশের জন্য কোনো অনুমতি নেয়নি। তাই মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক বিকেলে প্রথম আলোকে বলেন, সভার জন্য কোতোয়ালি থানার ওসিকে মৌখিকভাবে জানানো হয়েছিল।
সাবেরুল আরও বলেন, চার সাংসদের (এমপি) কর্মসূচি সফল করার জন্য পুলিশ বিএনপির সভামঞ্চ ভেঙে দিয়েছে। এর প্রতিবাদে বুধবার (আজ) বিকেলে বিক্ষোভ-সমাবেশ আহ্বান করা হয়েছে। অনুমতির জন্য পুলিশকে চিঠিও দেওয়া হয়েছে। কিন্তু চিঠিটি গ্রহণ করা হয়নি বলে তিনি অভিযোগ করেন।