শহীদ মিনারে বিস্ফোরণের ঘটনায় মামলা, আটক ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় বোমা বিস্ফোরণের ঘটনায় জেলার কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। এতে অজ্ঞাত ৫০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, এই ঘটনার পর যশোর এম এম কলেজের শহীদ আসাদ ছাত্রাবাসে অভিযান চালিয়ে পুলিশ ১০ জনকে আটক করেছে। তবে তাঁদের এখনো বোমা বিস্ফোরণ মামলার আসামি হিসেবে দেখানো হয়নি। আটকের সময় তাঁদের কাছে হাত বোমা, বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে বলে পুলিশ দাবি করেছে।

এই ঘটনার জন্য কারা দায়ী, সে ব্যাপারে পুলিশ স্পষ্ট করে কিছু বলতে চায়নি। জেলা পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর শাফিন মাহমুদ প্রথম আলোকে বলেন, দুই দল সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। পুলিশ তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আটকদের মধ্যে অন্তত চারজন ছাত্রলীগের কর্মী, যারা ওই ছাত্রাবাসে থাকেন। তাঁরা হলেন আকাশ, মহিদুল, সুমন ও বিজয়। বাকিদের রাজনৈতিক পরিচয় তেমন নেই।

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেছেন। ছাত্রাবাস থেকে আটককৃতদের বেশির ভাগই বহিরাগত।