যশোরে শিক্ষককে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষক এ বি এম হাসানুজ্জামানকে (৩৮) এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাত আটটার দিকে যশোরের মনিরামপুর উপজেলার বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল বুধবার পবিত্র বিশ্বাস (২৫) নামের এক তরুণকে আটক আটক করেছে পুলিশ। পবিত্র যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
পবিত্র যশোর শহরের ষষ্টিতলাপাড়ার ছাত্রাবাসে থেকে লেখাপড়া করেন। তাঁর বাড়ি যশোরের কেশবপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি দা উদ্ধার করেছে।
আহত শিক্ষক এ বি এম হাসানুজ্জামানের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামে। তিনি প্রথম আলোকে জানান, দেড় বছর আগে তিনি সরকারি এমএম কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। তখন পবিত্র নামে এক ছাত্র তাঁর কাছ থেকে লাখ দুয়েক টাকা ধার নেন। ওই টাকা দিতে পবিত্র গড়িমসি করছিলেন। মঙ্গলবার টাকা দেওয়ার কথা বলে হাসানুজ্জামানকে যশোর আসতে বলেন পবিত্র। মনিরামপুরের বসন্তপুরে মামার বাড়ি গিয়ে নিমন্ত্রণ খেয়ে টাকা আনতে হবে বলে পবিত্র হাসানুজ্জামানকে জানান। সন্ধ্যায় তাঁরা বসন্তপুর গ্রামে যান। সঙ্গে প্রান্ত নামে পবিত্রের এক ভাইও ছিলেন। গ্রামের একটি ফাঁকা মাঠের মধ্যে পৌঁছালে প্রান্ত পেছন থেকে হাসানুজ্জামানের মাথায় দা দিয়ে কোপ দেন। দ্বিতীয় কোপ তিনি বাঁ হাত দিয়ে ঠেকান। এতে বাঁ হাতের তিনটি আঙুল কেটে যায়। তিনি চিৎকার করতে করতে দৌড়ে লোকালয়ে চলে আসেন। এ সময় পেছন থেকে আরও কয়েকটি কোপ দেওয়া হয়। একপর্যায়ে পবিত্র ও প্রান্ত পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন হাসানুজ্জামানকে হাসপাতালে ভর্তি করান।
হাসপাতালের সহকারী রেজিস্ট্রার বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, ওই শিক্ষকের মাথায় আঘাত লেগেছে। তিনি এখনো আশঙ্কামুক্ত নন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ বলেন, পূর্বপরিকল্পিতভাবে ওই শিক্ষককে হত্যার ষড়যন্ত্র করেছিলেন পবিত্র। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।