যশোরে সাড়ে ১৩ কেজি সোনা উদ্ধার
যশোরের বাঘারপাড়া থেকে গত শুক্রবার রাতে সাড়ে ১২ কেজি সোনা উদ্ধার করেছে পুলিশ। শার্শা উপজেলার পুটখালী সীমান্ত থেকে গতকাল শনিবার বিজিবি উদ্ধার করেছে এক কেজি ২০০ গ্রাম সোনা।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন আহমেদ জানান, গত বুধবার পুলিশ যশোর-নড়াইল সড়কের ভিটাবল্লা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া একটি প্রাইভেট কার উদ্ধার করে। সেটি থানা হেফাজতে রাখা হয়। শুক্রবার রাতে পুলিশ জানতে পারে, ওই গাড়িতে সোনার বার রয়েছে। রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহী হাকিমের উপস্থিতিতে গাড়ি থেকে ১১টি প্যাকেটে ১১০টি সোনার বার উদ্ধার করা হয়; যার ওজন সাড়ে ১২ কেজি। ওসি আরও জানান, ওই গাড়ির মালিক খুলনার তৌহিদুর রহমান। তিনি গাড়ি ছিনতাইয়ের অভিযোগে বুধবার বাঘারপাড়া থানায় মামলাও করেছিলেন। মামলার পর আর যোগাযোগ করেননি।
ওসি আরও জানান, এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) সামেদুল হক বাদী হয়ে তৌহিদুর রহমানসহ দুজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
এদিকে বিজিবি ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুর রহিম বলেন, গতকাল বেলা ১১টার দিকে তৌহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি হেঁটে সীমান্তের দিকে যাচ্ছিলেন। বিজিবির সদস্যরা তাঁকে আটক করে তল্লাশির একপর্যায়ে তাঁর জুতার ভেতর থেকে ১০টি সোনার বার উদ্ধার করেন; যার ওজন এক কেজি ২০০ গ্রাম। তাঁকে আটক করেছে বিজিবি। এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে।