যশোরে সালিস বৈঠকে সংঘর্ষে একজন নিহত
যশোর সদর উপজেলার ভায়না গ্রামের মণ্ডলপাড়ায় সালিসে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। গত বুধবার রাতে ওই ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রাধা রানী (৬৫)। এ ঘটনায় তাঁর ছেলে মনি শংকর কুমার বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো মণ্ডলপাড়ার রিপন (৩০) ও সালিসে উপস্থিত থাকা ফতেপুর গ্রামের বিভীষণ (৪০)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মণ্ডলপাড়ার গৃহবধূ সাধনা রানীর সঙ্গে ভাইপো মনি শংকরের কথা-কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে ঝামেলা হয়। বুধবার রাতে পাড়ার এক দোকানে ঘটনাটি মীমাংসার জন্য সালিস বসে। সেখানে আলোচনার একপর্যায়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এতে শংকরের মা রাধা রানীসহ কয়েকজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় রাতেই রাধা রানী মারা যান।