যশোরে হত্যার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ ও যশোরে গত বুধবার রাতে গুলিতে দুজন নিহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার একজন নিহত হয়েছেন র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’। আর যশোরে এক যুবকের লাশ উদ্ধারের পর পুলিশ বলেছে, তিনি ‘সন্ত্রাসীদের দুই পক্ষের বন্দুকযুদ্ধে’ মারা গেছেন। তবে নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, তাঁকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে পুলিশ।
সিরাজগঞ্জের কামারখন্দের ঝাউল উড়ালসেতু এলাকায় রাত দুইটার দিকে র্যাব-১২-এর সদস্যদের সঙ্গে বন্ধুকযুদ্ধে নিহত হন দুলাল হোসেন (৪৫)। তিনি বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামের বাসিন্দা।
র্যাব-১২-এর সিরাজগঞ্জ কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান র্যাব সদস্যরা। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হন দুলাল। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন বলেন, নিহত দুলালের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর, বেলকুচি, বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও কামারখন্দ থানায় হত্যা, অপহরণ ডাকাতির অভিযোগে নয়টি মামলা রয়েছে। তিনি এলাকায় ডাকাত সরদার হিসেবে পরিচিত ছিলেন। বন্দুকযুদ্ধের ঘটনায় কামারখন্দ থানায় র্যাবের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।
নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
যশোর: কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেনের ভাষ্যমতে, রাত একটার দিকে খবর আসে যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া এলাকায় সন্ত্রাসী দুই পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গেলে উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সরে পড়ে। এ সময় মাথায় গুলিবিদ্ধ অবস্থায় একজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিহত ব্যক্তিকে শনাক্ত করেন পরিবারের সদস্যরা। তাঁর নাম রিপন হোসেন গাজী (২৮)।
রিপন শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামের হাবিবুর রহমান গাজীর ছেলে। তিনি বাবার ট্রান্সপোর্ট ব্যবসা দেখাশোনা করতেন বলে জানান স্বজনেরা।
হাসপাতালের মর্গের সামনে রিপনের মামা শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, বুধবার সন্ধ্যায় সাদাপোশাকের লোকজন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বেনাপোল বন্দর থানার ছোট আঁচড়া মোড় থেকে রিপনকে ধরে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। রাত তিনটার দিকে ফেসবুকের মাধ্যমে স্বজনেরা জানতে পারেন হাসপাতালে রিপনের লাশ পড়ে আছে। শহিদুল ইসলামের অভিযোগ, ‘পুলিশ গুলি করে রিপনকে হত্যা করেছে।’
তবে অভিযোগ অস্বীকার করে ওসি ইলিয়াস হোসেন বলেন, ‘পুলিশ কাউকে ধরে এনে গুলি করে হত্যা করেনি। পুলিশের ঘাড়ে দোষ চাপাতে পারলে সবারই ভালো লাগে।’
ওসি বলেন, রিপনের নামে বেনাপোল বন্দরসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, মারামারিসহ বিভিন্ন আইনে ১৪টি মামলা রয়েছে।