যশোরে হামলায় আহত সাংবাদিকসহ তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কাভার করতে আসা সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন সাংবাদিকসহ তিনজন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শহরের চিত্রা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুজনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলা ঠেকাতে গিয়ে স্থানীয় চারজন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক হামলাকারীদের নেতৃত্বে থাকা কাঁকন নামের একজনকে আটক করেছে। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকেরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে দড়াটানা মোড়ে সমাবেশ করেন। এ সময় যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান কর্মসূচি ঘোষণা দেন। কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার রাতের মধ্যে হামলাকারীদের আটক করা না হলে সাংবাদিকেরা বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের খবর বর্জন করবেন। এ ছাড়া পরবর্তী করণীয় নির্ধারণে আজ শনিবার প্রেসক্লাব মিলনায়তনে জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।
আহত সাংবাদিকেরা হলেন চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরা পারসন রিপন হোসেন, ক্রীড়া প্রতিবেদক ইভান ইকরাম ও গাড়িচালক আলাউদ্দিন। লাঞ্ছিত সাংবাদিকেরা হলেন যশোর প্রেসক্লাবের সম্পাদক এবং চ্যানেল টোয়েন্টিফোর ও সমকাল-এর স্টাফ রিপোর্টার এস এম তৌহিদুর রহমান, ক্যামেরা পারসন শাফিন রহমান, একাত্তর টিভির যশোর প্রতিনিধি ফরহাদ হোসেন ও মাছরাঙা টিভির যশোর প্রতিনিধি রাহুল রায়।
রিপন হোসেন বলেন, শুক্রবার রাতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কাভার করতে আসা চ্যানেল টোয়েন্টিফোরের একটি মাইক্রোবাস শহরের চিত্রা মোড়ে অবস্থান করছিল। এ সময় একটি প্রাইভেট কার সাংবাদিকদের গাড়িটিকে ধাক্কা দিলে মাইক্রোবাসের চালক প্রতিবাদ জানান। এ সময় প্রাইভেট কারে থাকা সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়।
এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকেরা তাৎক্ষণিক শহরের চিত্রা মোড়ে সমবেত হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার আক্কাছ আলী ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের আটকের আশ্বাস দেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক, সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা ও শাফিন মাহমুদ, ওসি সিকদার আক্কাস আলী আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান।