যশোরে হামলায় দুই সাংবাদিকসহ আহত ৩
যশোরে শহরে আজ শুক্রবার রাতে দুর্বৃত্তদের হামলায় বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের দুই সাংবাদিক ও তাঁদের গাড়িচালক আহত হয়েছেন। হামলা থেকে তাঁদের বাঁচাতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন আরও চার সাংবাদিক।
আহত দুই সাংবাদিককে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে। ঘটনার প্রতিবাদে ও হামলার ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবিতে যশোর শহরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন সাংবাদিকেরা।
আহতরা হলেন, চ্যানেল টোয়েন্টিফোরের ক্রীড়া প্রতিবেদক ইভান ইকরাম, ভিডিওচিত্র গ্রাহক রিপন হোসেন ও গাড়িচালক আলাউদ্দিন।
আহত দুই সাংবাদিক বলেন, আজ যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সংবাদ সংগ্রহ শেষে তাঁরা অফিসের মাইক্রোবাস নিয়ে শহরের চিত্রা মোড়ে যান। সেখানে এক পাশে গাড়ি রেখে তাঁরা কাছেই একটি দোকানে খাওয়া-দাওয়া করছিলেন। তবে গাড়িতে চালক ছিলেন। এর মধ্যে একটি প্রাইভেটকার তাঁদের মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। চালক এর প্রতিবাদ করলে মাইক্রোবাস থেকে বেরিয়ে স্থানীয় কয়েকজন লোক তাঁকে মারধর করেন। তা দেখে ওই দুই সাংবাদিক এগিয়ে আসলে তাঁদেরও মারধর করা হয়। একপর্যায়ে স্থানীয় চার সাংবাদিক গেলে তাঁদেরও লাঞ্ছিত করেন ওই যুবকেরা।
এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকেরা তাৎক্ষণিকভাবে শহরের চিত্রা মোড়ে সমবেত হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। বিক্ষোভে সাংবাদিক নেতারা বলেন, ১২ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে তাঁরা টুর্নামেন্টের খবর সংগ্রহ করবেন না।
রাতে যশোরের পুলিশ কর্মকর্তারা বিক্ষোভরত সাংবাদিকদের কাছে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে সাংবাদিকেরা অবরোধ তুলে নেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক সাংবাদিকদের বলেন, ঘটনায় কাকন নামের একজনকে আটক করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।