যশোরে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি ঝিনাইদহ সরকারি নূরুন নাহার মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক।
এস এম সাদিকুর রহমান (২৯) নামের এই শিক্ষককে গতকাল শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সাদিকুর যশোর সদর উপজেলার আন্দোলপোতা গ্রামের শাহজাহান আলীর ছেলে। সপরিবারে যশোর উপশহর এলাকার ১ নম্বর সেক্টরে থাকেন তিনি।
পুলিশের ভাষ্য, সাদিকুর নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের কেন্দ্রীয় কমিটির সদস্য। পুলিশ সদর দপ্তরের গোপন তালিকায় জঙ্গি হিসেবে তাঁর নাম রয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা বৃহস্পতিবার রাতে উপশহর এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে একটি কম্পিউটার, পেনড্রাইভসহ কিছু ‘জিহাদি বই’ উদ্ধার করা হয়েছে।
যশোর সিআইডির সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, ২০১২ সালে ঢাকার কাঁটাবন এলাকায় হিযবুত তাহ্রীরের পোস্টার লাগানোর সময় পুলিশ সাদিকুরকে আটক করেছিল। ওই সময় সন্ত্রাসবিরোধী আইনে তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়। এর মধ্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেন।¯৩৪তম বিসিএস পরীক্ষায়ও উত্তীর্ণ হন। তিনি মামলার তথ্য গোপন করে সরকারি চাকরিতে যোগ দেন।