যশোরে গুলিতে ইউসুফ আলী (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলেছে, সন্ত্রাসীদের দুপক্ষের গোলাগুলিতে তিনি গত শনিবার রাতে গুলিবিদ্ধ হন। পরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সকালে তিনি মারা যান। তবে নিহত যুবকের পরিবারের সদস্যদের অভিযোগ, ঘুষ না পেয়ে পুলিশ ইউসুফের পায়ে গুলি করে।
নিহত ইউসুফ আলী যশোর শহরের ঘোপ সেন্ট্রাল সড়ক এলাকার বাসিন্দা। তাঁর ভাই আরিফুল ইসলাম বলেন, ইউসুফ মোটরগাড়ির শ্রমিক ছিলেন।
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেনের ভাষ্য অনুযায়ী, শহরের বেজপাড়া এলাকায় সন্ত্রাসীদের দুটি দলের মধ্যে ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে গোলাগুলি হচ্ছে, এমন খবর পেয়ে পুলিশের একটি দল শনিবার রাত পৌনে ১১টার দিকে সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় ইউসুফকে উদ্ধার করা হয়। ইউসুফের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় পাঁচটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান (বন্দুক), একটি গুলি, একটি গুলির খোসা ও দুটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে ও হত্যাকাণ্ডের অভিযোগে দুটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় ১৬ জনকে আসামি করা হয়েছে।
তবে ইউসুফের ভাই আরিফুল গতকাল প্রথম আলোকে বলেন, ‘যশোর শহরের চাঁচড়া মোড় থেকে গত শুক্রবার পুলিশ আমার ভাইকে ধরে নিয়ে যায়। ছেড়ে দেওয়ার জন্য ইউসুফ নামের এক দারোগা (এসআই) পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় এক দিন পর শনিবার রাতে পুলিশ তাঁর পায়ে গুলি করে। পরে পুলিশই তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।’
অভিযোগের ব্যাপারে ওসি ইলিয়াস হোসেন বলেন, ‘ইউসুফ নামে কাউকে পুলিশ ধরেনি। কাজেই ঘুষ দাবি করার কোনো প্রশ্ন নেই।’
‘ডিবি পুলিশের’ ধাওয়ায় মোটরসাইকেলের চালক নিহত: প্রথম আলোর ভোলা প্রতিনিধি জানান, ভোলার সদর উপজেলায় গতকাল দুপুরে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে মো. সোহেল (২৮) নামে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
নিহত সোহেল উপজেলার শিবপুর ইউনিয়নের মধ্য রতনপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি মো. মফিজুল ইসলাম নামের এক ডেকোরেটর ব্যবসায়ীর টেম্পো চালক ছিলেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, বেলা ১টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড-নবীপুর সড়কে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সোহেলকে ধাওয়া করেন। তিনিও সে সময় মোটরসাইকেল চালাচ্ছিলেন। একপর্যায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নিহত হন সোহেল। ধাওয়াকারী দুই ব্যক্তি ডিবি পুলিশের সদস্য বলে দাবি করেছেন ওই প্রত্যক্ষদর্শীরা। তাঁরা সাদা পোশাকে ছিলেন।
জেলা ডিবি পুলিশের ওসি আক্তারুজ্জামন বলেন, ডিবির কর্মকর্তারা ওই এলাকায় টহলে ছিলেন। তবে তাঁরা কাউকে ধাওয়া করেননি। সম্ভবত ওই ব্যক্তি ভয় পেয়ে পালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নিহত হয়েছেন।
ভোলা সদর থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, ময়নাতদন্তের জন্য সোহেলের লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।