যশোরে 'গোলাগুলি'র পর অপহৃত ব্যক্তিকে উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি এলাকায় গত বৃহস্পতিবার রাতে অপহরণকারীদের সঙ্গে পুলিশের ‘গোলাগুলি’ হয়েছে। এতে যশোর কোতোয়ালি মডেল থানার দুই পুলিশ কর্মকর্তা ও আরও তিনজন আহত হন। আহত তিনজনকে পুলিশ হেফাজতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসাধীন তিনজন হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের আসাদুল ইসলাম (৩২), বেতবাড়িয়া গ্রামের মো. রহমত (২৬) ও যাদবপুর গ্রামের জহিরুল ইসলাম (৩০)। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল শুক্রবার সকালে চৌগাছা উপজেলার বুড়িন্দা গ্রামের জুয়েলকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্কাস আলী ও উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন। তাঁরা একই হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, অপহরণকারীদের প্রাইভেট কার থেকে অপহৃত আবদুল আজিজকে উদ্ধার করা হয়েছে। আজিজ যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের বাসিন্দা। এ ছাড়া অপহরণকারীদের গাড়ি থেকে একটি ওয়ান শুটারগান ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি ও ঝিকরগাছা থানায় তিনটি মামলা হয়েছে। এর মধ্যে আজিজের স্ত্রী মিতা বেগম বাদী হয়ে ঝিকরগাছা থানায় অপহরণের অভিযোগে একটি মামলা করেন। আর পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় অস্ত্র উদ্ধার ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক মামলা করেছে।
যশোরের সহকারী পুলিশ সুপার (ক সার্কেল) ভাস্কর সাহার ভাষ্যমতে, বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ জানতে পারে ঝিকরগাছা থেকে এক ব্যক্তিকে অপহরণ করে যশোরের দিকে আনা হচ্ছে। এরপর পুলিশের একটি দল যশোর-বেনাপোল মহাসড়কের পুলের হাট এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে নয়টার দিকে সন্দিগ্ধ একটি প্রাইভেট কারকে ধাওয়া করলে গাড়িটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চূড়ামনকাঠি এলাকায় পৌঁছায়। এ সময় অপহরণকারী চক্রের সদস্যরা পুলিশের গাড়িতে হামলা চালায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। অপহরণকারীদের হামলায় আহত হন ওসি আক্কাস আলী ও এসআই শামীম। অপহরণকারীদের ধরতে পুলিশ পাঁচটি গুলি করেছে বলে জানান ভাস্কর সাহা।
পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঝিকরগাছার এক ব্যক্তির কাছ থেকে পাওনা টাকা আনতে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার সন্ধ্যায় বেতবাড়িয়া গ্রামের আনোয়ার হোসেন আমাদের তিনজনকে তাঁর ব্যক্তিগত গাড়িতে উঠতে বলে। আমরা একসঙ্গে চলাফেরা করি। এ জন্য কিছু জানতে না চেয়েই আমরা তিনজন তাঁর গাড়িতে উঠে বসি। ঝিকরগাছা উপজেলায় এক পাম্পের পাশে গেলে সেখান থেকে কয়েকজন হাত ও মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তিকে আমাদের গাড়িতে তুলে দেয়। আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গাড়ি থেকে নামার চেষ্টা করি। তবে আনোয়ার নিজে দ্রুত গাড়ি চালিয়ে যশোরের দিকে নিয়ে আসে। যশোর সদর উপজেলার পুলের হাট থেকে পুলিশ আমাদের গাড়ির পিছু নেয়। চূড়ামনকাঠি এলাকায় পৌঁছালে পুলিশ আমাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। আনোয়ার গাড়ি ফেলে পালিয়ে যায়। আর পুলিশ আমাদের ধরে আনে।’
গ্রেপ্তার হওয়া জহিরুল ইসলাম নিজেকে সিঙ্গাপুরের নাগরিক দাবি করে বলেন, সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। আবার চলে যাওয়ার কথা আছে। আর আসাদুলের মহেশপুরে একটি ইটভাটা আছে।