যশোরে 'ছাত্রলীগের' পিটুনিতে আহত আরেক ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে গত সোমবার পিটুনিতে গুরুতর আহত আরেক ছাত্র ওই দিন রাতে মারা গেছেন। ঢাকায় নেওয়ার সময় রাত সাড়ে ১২টার দিকে পথে মারা যান কামরুল হাসান (২২) নামের ওই ছাত্র।
কামরুল সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের অর্থনীতি বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার ছোট খুদড়া গ্রামের মোহম্মদ উল্লাহর ছেলে। সোমবার বিকেলে পিটুনির ঘটনার পর হাসপাতালে মারা যান মো. হাবিবুল্লাহ নামের আরেক ছাত্র। আহত আরেক ছাত্র আল মামুন (২১) যশোর জেনারেল হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন।
আল মামুন অভিযোগ করেছেন, ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী শহরের তিনটি ছাত্রাবাস থেকে তুলে নিয়ে এমএম কলেজের একটি হলে নিয়ে বেধড়ক পেটান। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ।
এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করেছে পুলিশ। হত্যা মামলায় অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
নিহত ও আহত ব্যক্তিদের নিজেদের কর্মী দাবি করেছেন ছাত্রশিবিরের যশোর নগর কমিটির সভাপতি মো. আজাহুরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, ‘এমএম কলেজ ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহীর নেতৃত্বে নেতা-কর্মীরা তিনটি ছাত্রাবাস থেকে ওই ছাত্রদের ধরে আসাদ হলের ২০১ নম্বর কক্ষে নিয়ে নির্যাতন করেন। পরে পুলিশ ছাত্রলীগের নিয়ন্ত্রণাধীন হল থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বা ছাত্রলীগের কেউ কোনো নির্যাতন করেননি। নাশকতার পরিকল্পনার অভিযোগে সাধারণ ছাত্ররা গণপিটুনি দিয়ে ওই তিনজনকে পুলিশের কাছে তুলে দিয়েছে। আর আসাদ হল থেকে নয়, হলের পাশ থেকে পুলিশ তাঁদের নিয়ে গেছে।
অবশ্য আহত ছাত্র ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ছাত্রলীগের পরিচয়ে কয়েকজন যুবক ওই তিন ছাত্রকে শহরের রেলগেট এলাকার দুটি ছাত্রাবাস থেকে তুলে যায়। চিকিৎসাধীন আল মামুন বলেন, ‘ছাত্রলীগের কয়েকজন রেলগেট এলাকার জনতা ছাত্রাবাস থেকে আমাকে, নির্ঝর ছাত্রাবাস থেকে কামরুলকে আর আশিক ভিলা ছাত্রাবাস থেকে হাবিবুল্লাহকে ধরে আসাদ হলে নিয়ে আলাদা ঘরে নির্যাতন করে। এতে আমি অচেতন হয়ে পড়ি। কামরুল আর হাবিবুল্লাহর কী হয়েছিল, তা আমি জানি না।’ মামুন দাবি করেছেন, তিনি শিবিরের সঙ্গে জড়িত নন।
স্টেডিয়ামপাড়ার নির্ঝর ছাত্রাবাসে থাকতেন কামরুল। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘সোমবার দুপুরের পরে কয়েকজন যুবক কামরুলকে ধরে নিয়ে যায়। পরে ছাত্রাবাসের অন্যরা ভয়ে যে যার মতো চলে গেছে।’ রেলগেট এলাকার আশিক ছাত্রাবাসে থাকতেন হাবিবুল্লাহ। ওই বাড়ির মালিক হাবিবুর রহমানের স্ত্রী বলেন, ‘তিনটি মোটরসাইকেলে পাঁচজন যুবক সোমবার দুপুরে বাসায় এসে ছাত্রদের ঘরে ঢুকে ভাঙচুর করে। বাধা দিতে গেলে একটি ছেলে নিজেকে ছাত্রলীগের সভাপতি শাহী বলে পরিচয় দেয়। পরে তাঁরা হাবিবুল্লাহকে মোটরসাইকেলে করে নিয়ে যায়।’
যশোর পুলিশের সহকারী পুলিশ সুপার মীর সাফিন মাহমুদ বলেন, কলেজের আসাদ হলের সামনে মারামারির তথ্য পেয়ে পুলিশ সেখানে গিয়ে হাবিবুল্লাহ ও কামরুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বলেন, ‘আহত-নিহত ছাত্রের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। মামুনের ছাত্রাবাস থেকে একটি বোমা ও জেহাদি বইপত্র উদ্ধার করা হয়েছে।’