যশোরে 'বোমা' ফাটিয়ে যৌনকর্মীকে অপহরণ
যশোর শহরের বাবুবাজার ঝালাইপট্টি যৌনপল্লির ফটকে গতকাল শুক্রবার কয়েকটি ‘বোমার’ বিস্ফোরণ ঘটিয়ে অন্তরা নামের এক যৌনকর্মীকে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজন যৌনকর্মী আহত হয়েছেন।
থানা–পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে কয়েকজন যুবক যৌনপল্লির গলিতে দাঁড়িয়ে থাকা অন্তরাকে টেনেহিঁচড়ে অপহরণের চেষ্টা করেন। তখন পল্লির অন্য মেয়েরা তাঁকে রক্ষা করতে দৌড়ে আসেন। এ সময় তাঁদের লক্ষ্য করে ওই যুবকেরা কয়েকটি ‘বোমার’ বিস্ফোরণ ঘটান। এতে আতঙ্কে পল্লির বাসিন্দারা ছোটাছুটি শুরু করেন। এরই ফাঁকে যুবকেরা অন্তরাকে মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে যান। এ ছাড়া বোমার আঘাতে মেঘলা ও চিংড়ি নামের দুই যৌনকর্মী আহত হন। পরে তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শ্যামলাল নাথ প্রথম আলোকে বলেন, মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় মামলা করার জন্য পল্লির জ্যেষ্ঠ নারীদের পরামর্শ দেওয়া হয়েছে।