যশোর ও কুষ্টিয়ায় দুই গৃহবধূর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বাঘারপাড়ার বাঁকড়ী গ্রামে অঞ্জনা বিশ্বাস (৩৫) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাড়ির পাশের মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত সোমবার কুষ্টিয়ার কুমারখালীর হাসিমপুর গ্রাম থেকে লিলি বেগম (৩০) নামের আরেক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত অঞ্জনা বিশ্বাস বাঁকড়ী গ্রামের কৃষক গৌতম বিশ্বাসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে মাঠের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। অঞ্জনার ভাই তুষার বিশ্বাস বলেন, সোমবার রাতে পাশের গোয়াখোলা গ্রামে জ্ঞাতিভোজের অনুষ্ঠান শেষে বাড়িতে ফিরে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন।
বাঘারপাড়া থানার ওসি কাইয়ূম আলী সরদার বলেন, আলামত দেখে ধারণা করা হচ্ছে, ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
কুমারখালী থানার পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার দিকে শ্বশুরবাড়ির লোকজন লিলি বেগমকে নিজ শয়নকক্ষের বাঁশের আড়ার সঙ্গে দড়িতে ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। গতকাল সকালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
থানার পরিদর্শক (তদন্ত) সালেকুজ্জামান বলেন, লিলির স্বামীকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।