যশোর ও গোপালগঞ্জে দুজনকে কুপিয়ে হত্যা
যশোর সদর উপজেলা ও গোপালগঞ্জের কাশিয়ানীতে কলেজ শিক্ষার্থীসহ দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার ও গতকাল বুধবার হত্যাকাণ্ড দুটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলো শাহিন উদ্দীন (১৭) ও সাইফুজ্জামান সমাদ্দার (৫৫)। শাহীন যশোর সদরের ঝুমঝুমপুর এলাকার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কারিগরি কোর্সের শিক্ষার্থী ছিল। সে নূরপুর গ্রামের দক্ষিণপাড়ার মিরণ বিশ্বাসের ছেলে। নিহত সাইফুজ্জামান সমাদ্দার কাশিয়ানীর ফুরকা ইউনিয়নের চর মাটলা গ্রামের বাসিন্দা। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ১০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে মালি পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহত শাহিনের বাবা মিরণ বিশ্বাস জানান, মঙ্গলবার রাত আটটার দিকে শাহিন খয়েরতলা বাজারে একটি দোকানে বসেছিল। এ সময় একজন তার মুঠোফোনে ফোন করে স্থানীয় নতুন কবরস্থানের পাশে যেতে বলে। সেখানে যাওয়ার পর চার-পাঁচজন মিলে এলোপাতাড়ি তাকে কোপায়। মুমূর্ষু অবস্থায় শাহিনকে উদ্ধার করে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ গতকাল রোববার সকালে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মিরণ বিশ্বাস অভিযোগ করেন, ‘বাড়ির পাশের একটা জমির পথ নিয়ে পাশের এক ব্যক্তির সঙ্গে বিরোধ রয়েছে। সেই ব্যক্তিই লোকজন দিয়ে আমার ছেলেকে খুন করিয়েছেন।’
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাছ আলী জানান, হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য নূরপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে মোহিন (২০) ও সবেদ মোল্লার ছেলে নান্নু মোল্লাকে (৫০) আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহত সাইফুজ্জামান সমাদ্দারের ছেলে সবুজ সমাদ্দার জানান, গতকাল তাঁর বাবা (সাইফুজ্জামান) গ্রামের মধুমতী নদীসংলগ্ন বাদামখেত দেখতে যান। এ সময় প্রতিবেশী মিলন সমাদ্দার, কাসেম সমাদ্দার, ইমদা সমাদ্দারসহ ১০-১২ জন ব্যক্তি তাঁর হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপান। লাঠি দিয়েও তাঁকে পেটানো হয়। যাওয়ার সময় তাঁরা বাবার হাত ও পায়ের রগ কেটে দেন। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন।
কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম গতকাল বিকেলে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। মিলনসহ এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে ইতিমধ্যেই অভিযান চালানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।