যশোর ও ফরিদপুরে দুই স্কুলছাত্রকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজম শেখ ও সাজিদুর রহমান
আজম শেখ ও সাজিদুর রহমান

ফরিদপুরে মুক্তিপণ না পেয়ে আজম শেখ (১৩) নামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রকে হত্যা করেছে অপহরণকারীরা। গতকাল বৃহস্পতিবার সকালে ফরিদপুর সদর উপজেলার একটি পুকুর থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। 
এদিকে যশোরের মনিরামপুরে নিখোঁজ হওয়ার পর গত বুধবার সাজিদুর রহমান ওরফে সাহেদ (১১) নামের আরেক স্কুলছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। সাজিদুর নেহালপুর আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। ১১ এপ্রিল সে নিখোঁজ হয়।
আজম শেখ পশরা গ্রামের রাজমিস্ত্রি ফরিদ শেখের ছেলে ও স্থানীয় এম এন আজিজ হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। ফরিদ শেখ বলেন, ‘মঙ্গলবার স্কুলের মাঠে বৈশাখী মেলায় গিয়েছিল আজম। এর পর থেকে তাকে আর পাওয়া যায়নি। গত বুধবার একটি মুঠোফোন থেকে কয়েকবার ফোন করে আজমের মুক্তির জন্য তিন লাখ টাকা দাবি করে দুর্বৃত্তরা। আমি গরিব হওয়ায় এত টাকা দিতে পারিনি।’ তিনি আরও বলেন, ‘এ ঘটনায় বুধবার রাতেই আমি ফরিদপুর কোতোয়ালি থানায় অভিযোগ করেছি।’
এম এন আজিজ হাইস্কুলের শিক্ষক মজিবর রহমান বলেন, আজম মেধাবী ও শান্ত প্রকৃতির ছেলে ছিল। তার নির্মম হত্যাকাণ্ডে স্কুলের শিক্ষার্থীরাসহ এলাকাবাসী শোকাহত। এ ঘটনার প্রতিবাদে কাল শনিবার বেলা ১১টার দিকে পশরা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান বলেন, অপহরণকারীদের শনাক্ত করার আগেই গতকাল ওই কিশোরের লাশ উদ্ধার করা হলো। ঘাতকেরা তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ বস্তাবন্দী করে ওই পুকুরে ফেলে দেয়। তিনি বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাজিদুর রহমানের চাচি জেসমিন বেগম জানান, মনিরামপুরের পাঁচাকড়ি গ্রামের সাইফুল ইসলাম গাজীর ছেলে সাজিদুর রহমান ১১ এপ্রিল সন্ধ্যায় নিখোঁজ হয়।
এ ঘটনায় ১২ এপ্রিল মনিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সন্ধ্যায় অভয়নগর উপজেলার চোমরডাঙ্গা এলাকায় টেকা নদীতে প্লাস্টিকের বস্তা ভাসতে দেখে এলাকাবাসী পার্শ্ববর্তী ভবদহ পুলিশ ফাঁড়িতে খবর দেয়। এরপর পুলিশ বস্তা থেকে লাশ উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ভবদহ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, লাশের কোমরের ডান পাশের ওপরের দিকে এবং বাঁ হাতের কনুইয়ের একটু ওপরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।