যশোর ও সিরাজগঞ্জে 'বন্দুকযুদ্ধে' নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা ও সিরাজগঞ্জের কামারখন্দে গত মঙ্গলবার রাতে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে কামারখন্দে একজন নিহত হয়েছেন র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’। আর চৌগাছায় সন্ত্রাসীদের দুই পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হন বলে জানিয়েছে পুলিশ।
তবে যশোরে নিহতদের একজনের বাবা জানিয়েছেন, গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁর ছেলেসহ দুজনকেই স্থানীয় বাজার থেকে তুলে নিয়ে যান সাদাপোশাকের একদল লোক।
যশোরে নিহত দুজন হলেন চৌগাছার কাবিলপুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে একসের আলী (৪৫) ও বাগপাড়া বিশ্বাসপাড়া গ্রামের কোহিনুর রহমানের ছেলে সাঈদুর রহমান (৩৫)। একসের আলী কাবিলপুর বাজারে সারের ব্যবসা করতেন। আর সাঈদুর রহমান মোটরগাড়ির চালক ছিলেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাত আড়াইটার দিকে পুলিশ খবর পায়, যশোর-চৌগাছা সড়কের নিমতলা বাজার এলাকায় সন্ত্রাসীদের দুই পক্ষে গোলাগুলি হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় দুজনকে পড়ে থাকতে দেখা যায়। দুজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে লাশ দুটি গতকাল বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসপাতালের মর্গের সামনে একসের আলীর স্কুলপড়ুয়া ছেলে মাসুম পারভেজ জানায়, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়ে তার বাবা নিখোঁজ হন। মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। সকালে তারা লোকজনের কাছে জানতে পারে নিমতলা বাজারের পাশে তার বাবার লাশ পড়ে আছে। সেখানে গিয়ে লাশ না পেয়ে তারা হাসপাতালে এসেছে।
একসের আলীর চাচাশ্বশুর আবদুল মাজিদ অভিযোগ করেন, ‘পুলিশ তাঁকে ক্রসফায়ারে হত্যা করেছে।’ তিনি বলেন, ‘একসেরের বিরুদ্ধে মাদকের ১০-১২টি মামলা রয়েছে। কিছুদিন আগে মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান যশোরে এলে মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়। একসেরকে আত্মসমর্পণ করার কথা বললে সে বলেছিল, পুলিশ আত্মসমর্পণ করতে দিচ্ছে না। এরপর থেকে সে পালিয়ে বেড়াত।’
এদিকে নিহত সাঈদুর রহমানের বাবা কোহিনুর রহমান সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সন্ধ্যায় সাদাপোশাকে একদল লোক সাঈদুর ও একসেরকে চৌগাছার কাবিলপুর বাজার থেকে ধরে নিয়ে যায়। এরপর থেকে তাঁদের সঙ্গে তিনি আর যোগাযোগ করতে পারেননি। সকালে তাঁদের লাশ দেখেন।
জানতে চাইলে চৌগাছা থানার ওসি মশিউর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ কাউকে গুলি করে হত্যা করেনি। মাদক ব্যবসায়ীরা নিজেদের মধ্যে গোলাগুলিতে মরেছে। দুজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী। একসেরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৯টি মাদকের মামলা রয়েছে। সাঈদুরের বিরুদ্ধেও চারটি মাদকের মামলা রয়েছে।
নিমতলা বাজার এলাকার কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাতে তাঁরা গুলির দুটি শব্দ শুনেছেন। ভোরে স্থানীয় কয়েকজন ঘটনাস্থল থেকে পুলিশকে গাড়িতে করে লাশ নিয়ে যেতে দেখেন। নিমতলা বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা ও ফুলসরা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জিয়াউর রহমান বলেন, ‘ভোরে নামাজ পড়তে গিয়ে দেখি, পুলিশ গাড়িতে করে দুটি লাশ নিয়ে যাচ্ছে। এর বেশি কিছু জানি না।’
অন্যদিকে, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের চক শাহবাজ উত্তরপাড়ায় র্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ হালিম সরকার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে।
র্যাব-১২ সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর সাফায়েত আহমেদের ভাষ্যমতে, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের উত্তরপাড়া গ্রামে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে যান। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাতেরা পালিয়ে গেলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত হালিমের স্বজনেরা বলেন, এক মাস ধরে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
কামারখন্দ থানার ওসি বাসুদেব সিনহা বলেন, এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। নিহত আবদুল হালিমের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মারামারিসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে। বেলা একটা পর্যন্ত তাঁর লাশ হাসপাতালের মর্গে ছিল।