যশোর থেকে অপহৃত শিশু কুষ্টিয়ায় উদ্ধার
যশোর থেকে অপহৃত শিশু আব্দুর রহমানকে (১২) কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার সন্ধ্যার দিকে কুষ্টিয়া শহরের কোর্টষ্টেশন থেকে তাকে উদ্ধার করা হয়।
আব্দুর রহমান যশোর সদর উপজেলার শংকরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে যশোর আব্দুল আজিজ মাদ্রাসার হেফজখানার শিক্ষার্থী।
শিশুটির বরাত দিয়ে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, গত রোববার অপরিচিত এক ব্যক্তি যশোর রেল স্টেশন থেকে তাকে (আবদুর রহমান) ট্রেনে তুলে নিয়ে আসে। এরপর সেই ব্যক্তি চুয়াডাঙ্গা স্টেশনে নেমে পানি নিতে গেলে ট্রেনটি ছেড়ে দেয়। পরে সে ট্রেনে করে পোড়াদহ হয়ে সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া কোর্টস্টেশনে নেমে পড়ে এবং সেখানে কান্না করতে থাকে। এমন খবর পেয়ে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের এসআই ইসরাফিলের নেতৃত্বে রাতে কোর্ট স্টেশন থেকে তাকে উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, রোববারই আবদুর রহমানের বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সোমবার রাতেই যশোর থানার দুজন পুলিশ কর্মকর্তা এসে আবদুর রহমানকে নিয়ে যান।
আজ মঙ্গলবার দুপুরে যোগাযোগ করা হলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী প্রথম আলোকে বলেন, সকালে ২২ ধারায় শিশুটির জবানবন্দি ম্যাজিস্ট্রেটের কাছে রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তারকৃত এক আসামিকে আদালতের মাধ্যমে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
ওসি আরও জানান, জবানবন্দি শেষে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে মুক্তিপণ আদায়ের জন্য শিশুটিকে অপহরণ করা হয়েছিল। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না জানার জন্য আসামিকে রিমান্ডে চাওয়া হয়েছে।