যশোর শহরে ট্রাকচালককে কুপিয়ে হত্যা
যশোর শহরের বকচর এলাকায় সুমন হোসেন (৪০) নামের এক ট্রাকচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার বিকেলে এ হত্যাকাণ্ড ঘটে। সুমন হোসেন বকচর এলাকার আইয়ুব আলীর ছেলে।
হত্যাকারী ব্যক্তিদের আটকের দাবিতে সন্ধ্যা সাতটা থেকে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট, মনিহার প্রেক্ষাগৃহ মোড়, খাজুরা ট্রাকস্ট্যান্ডসহ বিভিন্ন মোড়ে রাস্তার ওপর আড়াআড়িভাবে গাড়ি রেখে অবরোধ করেন পরিবহন শ্রমিকেরা। এতে ঢাকাগামী দূরপাল্লা ও স্বল্পপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী কয়েক শ যানবাহন আটকা পড়ে। আকস্মিক এ অবরোধে চরম দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে।
জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় সভাপতি আজিজুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের এক শ্রমিক ভাইকে দুর্বৃত্তরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে সড়কে অবরোধ করা হয়েছে। এটি পরিকল্পিত কোনো কর্মসূচি নয়। মানুষকে কষ্ট দেওয়া আমাদের লক্ষ্য নয়। আমরা চাই, খুনিদের আটক করা হোক।’
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সুমন হোসেন বিকেল সাড়ে চারটার দিকে বকচর এলাকার চৌধুরী মিলের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় তিন দুর্বৃত্ত হঠাৎ সেখানে গিয়ে তাঁর মাথা, ঘাড়, গলা ও পায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে খুনিরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন সুমনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরে তিনি মারা যান।
এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, কী কারণে কারা খুন করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।