যশোরের অভয়নগর থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ পাঁচজনের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা এক তরুণীকে (২১) ধর্ষণের অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করে এই তরুণী অভিযোগ করে বলেন, ধর্ষণের পর তিনি থানায় মামলা করতে গেলে মামলা নেওয়া হয়নি। পরে তিনি আদালতে গিয়ে মামলা করেন। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছে।
তবে ধর্ষণ মামলার আসামি সাবেক যুবলীগ নেতা শেখ সাইফার এই অভিযোগ অস্বীকার করেন। তিনি ওই তরুণীর বিরুদ্ধে পাল্টা একটি মানহানির মামলা করেছেন বলে জানান।
সংবাদ সম্মেলনে তরুণীর সঙ্গে তাঁর মা ও এলাকার কয়েকজন তরুণ উপস্থিত ছিলেন। ওই তরুণী বলেন, তাঁর বাবা অনেক আগেই মারা গেছেন। মেয়েটি ও তাঁর মা একটি ঘর ভাড়া নিয়ে অভয়নগরে থাকেন। মা বাসাবাড়িতে কাজ করেন। নানা বাধা পেরিয়ে চলতি বছর তিনি এসএসসি পাস করেন। মাঝে কয়েক বছর পড়ালেখা বন্ধ ছিল।
অভিযোগে বলা হয়, যশোরের অভয়নগরের বুইকারা গ্রামের জনি সরদারের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। ২০১৫ সালের ১০ অক্টোবর জনি সরদার মেয়েটিকে হোটেলে ডেকে নিয়ে মৌলভি ডেকে কলেমা পড়িয়ে এবং কয়েকটি স্ট্যাম্পে সই নিয়ে বলে, তাঁদের বিয়ে হয়ে গেছে। এরপর থেকে তাঁরা দাম্পত্য সম্পর্ক রক্ষা করতেন। চলতি বছর মেয়েটি গর্ভবতী হওয়ার পরে জনি তাঁকে গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দিতে শুরু করেন। গত ৭ জুলাই মীমাংসার কথা বলে মেয়েটিকে বাড়ি থেকে হোটেলে ডেকে নিয়ে যাওয়া হয়। তখন মেয়েটি তিন মাসের অন্তঃসত্ত্বা। জনিসহ পাঁচজন মিলে মেয়েটিকে হোটেলের দোতলার একটি কক্ষে নিয়ে যান। তাঁরা জোর করে মেয়েটিকে চিকিৎসকের কাছে নিয়ে গর্ভপাত ঘটানোর চেষ্টা করেন। একপর্যায়ে জনি, শেখ সাইফারসহ কয়েকজন মেয়েটিকে ধর্ষণ করেন। এরপর মেয়েটি স্থানীয় কয়েকজনের সহযোগিতায় অভয়নগর থানায় গেলেও থানা মামলা নেয়নি। এরপর তাঁদের চাপে মেয়েটি ও তাঁর মা বসতবাড়ি ছেড়ে প্রথমে যশোর ও পরে ঢাকায় চলে আসেন।
অভয়নগর থানার ওসি আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন আগে যশোর থেকে সাংবাদিকেরা ফোন করেছিলেন মেয়েটির অভিযোগের বিষয়ে জানতে। তাঁদের কাছেই মেয়েটির নাম প্রথম শুনি। আবার আজকে আপনার কাছে শুনলাম। আমি যশোরের সাংবাদিকদের বলেছিলাম মেয়েটিকে থানায় পাঠিয়ে দিতে। কিন্তু এরপর মেয়েটি আর আসেনি।’
জনি সরদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে গত ২৮ জুলাই যশোরেও সংবাদ সম্মেলন করেছিলেন ওই তরুণী। তখন জনির সঙ্গে প্রথম আলোর যশোর অফিস যোগাযোগ করে। জনি বলেছিলেন, ওই তরুণীর সঙ্গে তাঁর বিয়ে হয়নি। মেয়েটির গর্ভের সন্তানের পিতার দায়ও তিনি এড়িয়ে গেছেন। মেয়েটিকে ডেকে এনে ধর্ষণ করানোর অভিযোগও তিনি অস্বীকার করেন।
অভিযুক্ত শেখ সাইফার গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি ৪১ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। আমার বয়স ৫৭। কোনো দিন কেউ কতি পারবেনানে ছাত্র বা যুব বয়সে আমি এরম কিছু করেছি। আমি তো মেয়েটারে কোনোদিন দেহিনি। তবে আমার মনে হয় এটা একটা চক্র। আমারে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে এসব কিছু করাচ্ছে। আমি ওই মেয়ের বিরুদ্ধে দেড় কোটি টাকার মানহানির মামলা করেছি।’
আদালতের নির্দেশে মেয়েটির করা মামলা তদন্ত করছে পিবিআইয়ের পরিদর্শক এমদাদ হোসেন। গতকাল তিনি বলেন, তদন্ত শুরু হয়েছে। তবে এখনো ঘটনার শিকার তরুণীর সঙ্গে কথা বলতে পারেননি। তাঁদের থাকার ঘর তালা মারা। মুঠোফোনও বন্ধ।
পিবিআই কর্মকর্তা বলেন, হোটেল আল সেলিমের যে কক্ষে ধর্ষণ করা হয়েছে বলে মামলায় বলা হচ্ছে, সেই কক্ষে সেদিন অন্য অতিথি ছিলেন বলে হোটেলের রেজিস্টার খাতায় দেখা গেছে। সেই খাতাটি তিনি সংগ্রহ করেছেন বলেও জানান।