যশোরে অপহরণ করে কলেজছাত্র নির্যাতনের পর ফেরত পাঠানো হলো অ্যাম্বুলেন্সে!

যশোরে বাংলাদেশ কম্পিউটার ম্যানেজমেন্ট কলেজের (বিসিএমসি) এক ছাত্রকে অপহরণ করে নির্যাতন করা হয়েছে। বুধবার দুপুরে তাঁকে অ্যাম্বুলেন্সে করে ওই কলেজের সামনে রেখে যায় অপহরণকারীরা।
অপহরণ ও নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর নাম ইরাদাত হোসেন (২১)। তিনি বিসিএমসি কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও খুলনা শহরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার আবদুল মালেকের ছেলে। যশোর শহরে ভাইয়ের বাড়িতে থেকে তিনি লেখাপড়া করেন। তিনি এখন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার ইরাদাতের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তিনি ও তাঁর বন্ধু ইসরাফিল বাড়ির দিকে যাওয়ার জন্য রিকশায় ওঠেন। এ সময় কলেজের সামনে থেকে একই কলেজের আসিফ নামের এক শিক্ষার্থী ইরাদাতকে জোর করে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যান। আর ইসরাফিলকে আসিফ চলে যেতে বলেন। এরপর রাতে ইরাদাত আর বাড়িতে ফেরেননি। পরে স্বজনেরা বিষয়টি জানতে পেরে আসিফের মুঠোফোনে ফোন দিয়ে ইরাদাতকে ফিরিয়ে দেওয়ার জন্য চাপ দেন। তবে আসিফ তাঁদের কাছে ইরাদাতকে তুলে নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
বুধবার দুপুরে একটি অ্যাম্বুলেন্সে করে ইরাদাতকে কলেজের মূল ফটকের সামনে রেখে যাওয়া হয়। পরে কলেজের এক শিক্ষক মুঠোফোনে স্বজনদের খবর দিলে স্বজনেরা ইরাদাতকে হাসপাতালে ভর্তি করেন।
বিকেলে যশোর জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে, প্রায় অচেতন অবস্থায় ইরাদাত বিছানায় শুয়ে আছেন। ইরাদাতের দুই হাত ও পায়ের নখ প্রায় থেঁতলে দেওয়া হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে। তাঁর পাশে বসে থাকা ইরাদাতের বোন দুলারী বেগম প্রথম আলোকে বলেন, তাঁরা মামলা করতে চেয়েছিলেন। কিন্তু ওই কলেজের শিক্ষক মোস্তাফিজুর রহমান মুঠোফোনে তাঁদের বলেন, মামলা-মোকদ্দমা করার দরকার নেই। আপনার ভাইকে ওরা ফেরত দিতে চায়। মামলা করলে কিন্তু ভাইকে আর ফেরত পাবেন না। দুলারী বলেন, এ কারণে তাঁরা মামলা করেননি। পরে ওই শিক্ষক আবার তাঁকে (দুলারী) ফোন করে বলেন, কলেজের গেটে একটি অ্যাম্বুলেন্সের ভেতরে আপনার ভাই রয়েছে। নিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, ছাত্রলীগের এক নেতা তাঁর কাছে গিয়ে বলে তাঁরা ইরাদাতকে ফেরত দেবেন। ইরাদাতের পরিবার যেন মামলা না করে। সে কারণে তিনি ইরাদাতের অভিভাবকের সঙ্গে আলোচনা করেন। পরে তাঁরা ইরাদাতকে মারপিট করে অ্যাম্বুলেন্সে করে কলেজের গেটে পাঠিয়ে দিয়েছেন।
শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, ‘সিভিল বিভাগের অনিয়মিত ছাত্র আসিফ পরীক্ষার পরে ইরাদাতকে ডেকে নিয়ে যান। ওই ছাত্রের সূত্র ধরে আমরা তাঁকে খোঁজার চেষ্টা করি।’ এর বাইরে তিনি আর কিছু বলতে রাজি হননি। ছাত্রলীগের যে নেতা মোস্তাফিজুর রহমানের কাছে এসেছিলেন তাঁর নামও তিনি প্রকাশ করতে চাননি।
এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ‘বিসিএমসি কলেজের এক ছাত্রকে কে বা কারা অপহরণের পর মারপিট করে অ্যাম্বুলেন্সে করে ফেলে গেছে। এ পর্যন্ত আমরা জানি। এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
ইরাদাতের কয়েকজন সহপাঠী নাম প্রকাশ না করার শর্তে জানান, নোবেল ও আসিফ কলেজের অনিয়মিত ছাত্র। তাঁরা বিভাগের বড় ভাই দাবি করেন। বড় ভাই-ছোট ভাই নিয়ে নোবেলের সঙ্গে ইরাদাতের বিরোধ ছিল। সেই বিরোধের জেরে তাঁরা ইরাদাতকে মারধর করতে পারেন।