যশোরে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামে রেজাউল ইসলাম (৬১) নামের এক ব্যক্তিকে গত মঙ্গলবার রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রেজাউল উপজেলার হাশিমপুর গ্রামের আনসার আলী বিশ্বাসের ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে পাশের কাশিমপুর গ্রামে বাস করতেন। তিনি সোনালী ব্যাংকের যশোর করপোরেট শাখার প্রহরী ছিলেন। গত বছর তিনি অবসর নেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এলোপাতাড়ি কুপিয়ে রেজাউলকে হত্যা করা হয়েছে। তবে কারা, কী কারণে তাঁকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি। পরিবারও কিছু বলতে পারছে না। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ঘুরুলিয়া গ্রামের একটি নবনির্মিত কালভার্টের পাশে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে এক ব্যক্তি গ্রামের লোকজনকে খবর দেন। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়। লাশের পাশে একটি মোটরসাইকেল ও সোনালী ব্যাংকের দুটি চেক পড়ে ছিল।
রেজাউলের স্ত্রী শামসুন নাহার প্রথম আলোকে বলেন, মঙ্গলবার বিকেলে শহরে যাওয়ার কথা বলে রেজাউল বাড়ি থেকে বেরিয়ে যান। রাত আটটার দিকে গ্রামের এক ব্যক্তি খবর দেন, ঘুরুলিয়া গ্রামে একজন খুন হয়েছেন। তখন রেজাউলের মুঠোফোন নম্বরে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে তাঁরা মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন।
ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার দুপুরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি।