যশোরে অষ্টম শ্রেণির ছাত্রসহ দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে গত সোমবার এক ছাত্রসহ দুজন খুন হয়েছেন।
নিহতেরা হলেন জেলার মনিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের হিরক (১২) ও সদর উপজেলার জয়ন্তা গ্রামে লিটন হোসেন (২৭)।
গত সোমবার দুপুরে বিদ্যালয় থেকে ফেরার পর হিরক ও তাঁর সহপাঠী দেবু নিজেদের বাড়ির পাশে খেলতে যায়। একপর্যায়ে হিরক দুষ্টুমি করতে গিয়ে দেবুর পিঠে আঘাত করে। এ সময় হিরকের গলায় জড়িয়ে থাকা গামছা ধরে দেবু টান দেয়। এতে হিরক মাটিতে লুটিয়ে পড়ে। দেবু ভয়ে হিরককে ফেলে রেখে বাড়িতে চলে যায়। রাতে হিরক বাড়িতে না ফেরায় স্বজনেরা খোঁজ করতে বের হন। রাত ১০টার দিকে বাড়ির পাশের বনের ভেতরে হিরকের লাশ পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জানান, শ্বাসরোধে হিরকের মৃত্যু হতে পারে। মামলা হওয়ার পর দেবুকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেবু জড়িত থাকার কথা স্বীকার করেছে।

>হিরকের গলায় জড়িয়ে থাকা গামছা ধরে দেবু টান দেয়। এতে হিরক মাটিতে লুটিয়ে পড়ে। দেবু ভয়ে হিরককে ফেলে রেখে বাড়িতে চলে যায়


যশোর কোতোয়ালি থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, জয়ন্তা গ্রামের একটি মেয়েকে রাতের বেলা কয়েকজন উত্ত্যক্ত করত। তাই সোমবার রাতে মেয়ের বাবা ও ভাই পাহারায় ছিলেন। রাত দুইটার দিকে মেয়ের ঘরের জানালায় কাউকে দেখে মেয়ের বাবা হকিস্টিক দিয়ে আঘাত করেন। হইচই শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় লিটনকে উদ্ধার করে। যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে লিটন মারা যায়।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাছ আলী বলেন, এ বিষয়ে চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। এজাহারভুক্ত প্রধান আসামি মেয়ের বাবাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিরা পলাতক আছেন।