যশোরে আড়াই কেজি সোনাসহ যুবক গ্রেপ্তার
যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকা থেকে ২ কেজি ৩৮০ গ্রাম ওজনের ছয়টি সোনার বারসহ মো. মনিরুজ্জামান (৩৫) নামের এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২১ ব্যাটালিয়নের সদস্যরা। আজ শনিবার দুপুরে গাতিপাড়া সীমান্ত থেকে তাঁকে আটক করা হয়।
মনিরুজ্জামান শার্শা উপজেলার বড় আঁচড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে। উদ্ধার করা সোনার দাম প্রায় ৯৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে বেনাপোল বন্দর থানায় চোরাচালানের একটি মামলা দিয়ে মনিরুজ্জামানকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গাতিপাড়া গ্রামের তেরোঘর এলাকা থেকে বিজিবি পোস্টের প্রায় ২০০ গজ দূরে আমবটতলা এলাকায় ধাওয়া করে মনিরুজ্জামানকে আটক করা হয়। এ সময় তাঁর শরীর তল্লাশি করে কোমরে কালো কাপড় দিয়ে বাঁধা অবস্থায় সোনার ছয়টি বার উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম প্রথম আলোকে বলেন, ওই সোনা পাচারের জন্য বাংলাদেশ থেকে ভারতে নেওয়া হচ্ছিল। মনিরুজ্জামান চোরাচালানের বাহক হিসেবে কাজ করছিলেন। মূল পাচারকারীকে আটক করার চেষ্টা চলছে।