যশোরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে আজ রোববার সকালে রবিউল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি ছিলেন একজন ট্রাকশ্রমিক ও কৃষক।

এদিকে হত্যাকারীকে আটকের দাবিতে যশোর ট্রাক শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা বেলা ১১টার দিকে যশোর-মাগুরা সড়ক অবরোধ করেন। ঘণ্টা খানেক পরে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাছ আলী ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সকাল সাড়ে আটটার দিকে রবিউল নিজের পাট খেতে আগাছা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ করছিলেন। এ সময় পারিবারিক একটি বিষয় নিয়ে তাঁর ফুপাতো ভাই আকতারুল সেখানে যান। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আকতারুল উত্তেজিত হয়ে হাতে থাকা গাছি দা দিয়ে রবিউলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। রবিউল লুটিয়ে পড়লে আকতারুল পালিয়ে যান। এ সময় স্থানীয় লোকজন রবিউলকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে লাশের সুরতহালের দায়িত্বে থাকা কোতোয়ালি থানার উপপরিদর্শক আবদুর রহিম প্রথম আলোকে বলেন, পারিবারিক বিরোধের জেরে আকতারুল রবিউলকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার পর থেকে আকতারুল পলাতক রয়েছে।