যশোরে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা
যশোর সদর উপজেলার নূরপুর গ্রামে গতকাল মঙ্গলবার রাতে শাহিন উদ্দীন (১৭) নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের বাবার অভিযোগ, জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড।
শাহিন যশোর সদরের ঝুমঝুমপুর এলাকার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কারিগরি কোর্সের ছাত্র ছিল। সে যশোর সেনানিবাসের কর্মচারী ও নূরপুর গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা মিরণ বিশ্বাসের ছেলে।
বাবা মিরণ বিশ্বাসের ভাষ্য, গতকাল রাত আটটার দিকে শাহিন খয়েরতলা বাজারের একটি দোকানে বসেছিল। এক বন্ধু তাকে ফোন করে স্থানীয় নতুন কবরস্থানের পাশে নিয়ে যায়। সেখানে চার থেকে পাঁচজন মিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে যশোর সিএমএইচে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে আনা হয়। ময়নাতদন্ত শেষে দুপুরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাবার অভিযোগ, বাড়ির পাশের একটি জমির পথ নিয়ে এক ব্যক্তির সঙ্গে বিরোধ রয়েছে। সেই ব্যক্তিই লোকজন দিয়ে ছেলেকে খুন করিয়েছে।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাছ আলী বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে জমিজমা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে দাবি করা হয়েছে। তবে এর মধ্যে অন্য কোনো বিষয় আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নূরপুর গ্রামের মোহিন ও নান্নু মোল্লাকে আটক করা হয়েছে।