যশোরে ওলামা লীগের নেতা ও যুবলীগের কর্মী খুন
যশোর শহর ও বাঘারপাড়া উপজেলায় গত সোমবার রাতে সরকারদলীয় দুই নেতা-কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শরীফ বাকি বিল্লাহ (৪০) ও যশোর শহর যুবলীগের কর্মী তরিকুল ইসলাম (২৫)।
শরীফ বাঘারপাড়ার দরি আগড়া গ্রামের ইমান আলী মোল্লার ছেলে। আর তরিকুল যশোর শহরের বকচর হুশতলা এলাকার মোজাহার আলীর ছেলে।
শরীফের ভাই জাকির হোসেন জানান, সোমবার রাত আটটার দিকে শরিফের মুঠোফোনে একটি ফোন আসে। এরপর কথা বলতে বলতে তিনি বাড়ির পাশে একটি গভীর নলকূপের কাছে গেলে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। তারা শরীফকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে মাগুরার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর নেওয়া হয় যশোর জেনারেল হাসপাতালে। সেখানে গতকাল মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়।
জাকির জানান, তাঁর ভাই ঢাকায় ঠিকাদারি ব্যবসা করতেন। তিনি গত ২০ দিন আগে বাড়িতে আসেন। তাঁর পাঁচ ছেলেমেয়ে ও স্ত্রী রয়েছে। এ ঘটনায় তিনি (জাকির) বাদী হয়ে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার বলেন, কে বা কারা শরীফকে হত্যা করেছে, তা স্পষ্ট নয়। মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
যশোর শহরে নিহত তরিকুলের মা রোকেয়া বেগম আওয়ামী বাস্তুহারা লীগের স্থানীয় পর্যায়ের নেতা। ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহদাতবার্ষিকীর খাবার বিতরণ নিয়ে তাঁর সঙ্গে স্থানীয় রাহিম ওরফে রহিমের কথা-কাটাকাটি হয়। ওই ঘটনায় মামলাও হয়। পরে অবশ্য বিষয়টি স্থানীয়ভাবে সমঝোতা হয়। পুলিশের ধারণা, ওই বিরোধের জের ধরে তরিকুলকে খুন করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি ইনামুল হক জানান, ঘটনার প্রাথমিক তদন্তে জানা গেছে, তরিকুল তাঁর দুই বন্ধু রাহিম ও আলীকে নিয়ে একটি মোটরসাইকেলে সোমবার রাতে যশোর শহরের বকচর হুশতলা থেকে শংকরপুরে যাচ্ছিলেন। তাঁরা মুড়ুলি জোড়া মন্দিরের কাছে পৌঁছামাত্র ও
ত পেতে থাকা দুই দুর্বৃত্ত মোটরসাইকেল থামিয়ে তরিকুলের ওপর হামলা চালায়। এ সময় মোটরসাইকেলে থাকা রাহিম ও আলীও হামলায় অংশ নেন। একপর্যায়ে তাঁরা তরিকুলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর রাত নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।
ওসি ইনামুল হক জানান, ঘটনাস্থল থেকে দুটি রাম দা উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।