যশোরে কলেজছাত্রকে ছুরি মেরে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরে এক ছাত্রকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। শহরের মিশনপাড়া এলাকার পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম লোকনাথ দে। লোকনাথ শহরের ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগে একাদশ শ্রেণিতে পড়ত। লোকনাথ ষষ্ঠিতলাপাড়া এলাকার কানাইলাল দের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলেন, কলেজের পাশে শামস-উল-হুদা স্টেডিয়াম মার্কেটের একটি দোকানে বসা নিয়ে কয়েক দিন ধরে লোকনাথের সঙ্গে স্থানীয় অনিকসহ কয়েকজনের বিরোধ চলে আসছিল। পাঁচজন প্রত্যক্ষদর্শী জানান, গতকাল দুপুরে পানি উন্নয়ন বোর্ডের সামনে লোকনাথের সঙ্গে অনিকের কথা-কাটাকাটি হয়।
এ সময় অনিকের সঙ্গে আরও একজন ছিল। একপর্যায়ে তারা লোকনাথ ও লোকনাথের অপর বন্ধু ওলি-উজ-জামানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা লোকনাথকে মৃত ঘোষণা করেন।
আহত ওলি বাংলাদেশ কম্পিউটার অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের (বিসিএমসি) প্রথম বর্ষের ছাত্র।
যশোর মডেল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক গতকাল বিকেলে বলেন, এলাকায় আধিপত্য নিয়ে বন্ধুদের মধ্যে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে অনিক নামের এক ছেলে লোকনাথ ও ওলিকে ছুরি মেরে পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।