যশোরে কলেজছাত্রী ধর্ষণের শিকার
মাগুরার একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী গত শনিবার যশোর সদর উপজেলায় গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় গতকাল রোববার ওই ছাত্রী বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। এজাহারভুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওই যুবক যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। তাঁর বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলায়।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, মুঠোফোনে পরিচয় সূত্রে ওই ছাত্রীর সঙ্গে খুলনার রূপসা উপজেলার রনি নামে এক যুবকের প্রেমের সম্পর্ক হয়। তাঁরা দেখা করার জন্য গত শনিবার যশোর শহরের শেখহাটি এলাকায় আসেন। রনির সঙ্গে মুরাদ নামে তাঁর এক বন্ধুও ছিলেন। মুরাদের সঙ্গে যশোর শহরের সিটি কলেজপাড়ার এক যুবকের পরিচয় ছিল। সেই পরিচয়ের সূত্রে ওই যুবককে মুরাদ একটি নিরিবিলি স্থান খুঁজে দিতে বলেন। ওই যুবক তাঁর আরও দুই বন্ধুকে বিষয়টি জানান। ওই ছাত্রী, রনি ও মুরাদ যশোরে পৌঁছালে তাঁরা তাঁদের একটি ছাত্রাবাসে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর যশোরের ওই যুবক ও তাঁর দুই বন্ধু রনি ও মুরাদকে আটকে মারধর করেন। এ সময় তাঁদের কাছ থেকে টাকা ও মুঠোফোন কেড়ে নিয়ে আটকে রাখা হয়। একপর্যায়ে ওই তিনজনের একজন ওই ছাত্রীকে ধর্ষণ করেন। এরপর তাঁরা মেয়েটির বাবাকে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করেন। কিন্তু তাঁর বাবার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে রনির বাবার কাছে ফোন দিয়ে টাকা দাবি করেন। রনির বাবা তাঁদের ৪০ হাজার টাকাও দেন। এরপর বিকেলে বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশ সেখানে গিয়ে একজনকে আটক করে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী বলেন, মামলায় তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া যুবক ধর্ষণের কথা স্বীকার করেছেন।