যশোরে কুপিয়ে ও গুলি করে একজনকে হত্যা
যশোরে মবজেল মোল্লা (৪৭) নামে এক ব্যক্তিকে আজ বুধবার দুপুরে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ চরমপন্থী সংগঠন ‘সর্বহারা’র আঞ্চলিক নেতা। আর পরিবার ও জেলা বিএনপির দাবি, তিনি বিএনপির কর্মী।
যশোর সদর উপজেলার সষ্ণুদার গ্রামের বাজারে দুপুর পৌনে ১২টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মবজেল সদর উপজেলার মালিয়াটি গ্রামের শাহজাহান মোল্লার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বেলা সাড়ে ১১টার দিকে মবজেল সষ্ণুদার বাজারের একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। মিনিট দশেক পর তিনটি মোটর সাইকেলে করে নয়জন সন্ত্রাসী ওই দোকানের সামনে যায়। মোটরসাইকেল থেকে বোরখা পরা ছয়জন নেমে মবজেলকে ঘিরে প্রথমে মাথায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। পরে বুকে গুলি করে তারা পালিয়ে যায়। ঘটনাস্থলেই মবজেলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
মবজেলের ভাই জহির উদ্দীন মোল্লা প্রথম আলোকে বলেন, মবজেল বিএনপির কর্মী ছিলেন। তিনি বলেন, তাঁর ভাই কৃষিকাজ করতেন এবং মালিয়াট গ্রামের গোলাডাঙ্গা বিলের সেচ পাম্পের অংশীদারও ছিলেন। তাঁর স্ত্রী ও তিন ছেলে-মেয়ে আছে।
লাশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, মবজেলের মাথায় তিনটি কোপের দাগ রয়েছে। বুকে একটি গুলি বিদ্ধ হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
যশোরের সহকারী পুলিশ সুপার (ক সার্কেল) ভাস্কর সাহা প্রথম আলোকে বলেন, ‘মবজেল নিষিদ্ধ চরমপন্থী সংগঠন সর্বহারার আঞ্চলিক নেতা ছিলেন। আমাদের কাছে তথ্য রয়েছে, ওই এলাকায় সর্বহারা দলের কর্মীরা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এ জন্য ধারণা করা হচ্ছে, নিজের মধ্যে দ্বন্দ্বে মবজেলকে হত্যা করা হতে পারে।’ তাঁর দাবি, মবজেলের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় তিনটি খুনসহ বিভিন্ন অপরাধে ছয়টি মামলা রয়েছে।
তবে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক দাবি করেন, ‘মবজেল বিএনপির কর্মী। ভোটের সময়ে বিএনপির পক্ষে তিনি সক্রিয় ভূমিকা রাখতেন। তিনি কৃষিকাজ করে সাদামাটা জীবনযাপন করতেন।’ কোনো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে মবজেল জড়িত ছিলেন না বলেও তিনি দাবি করেন।