যশোরে গুলি করে তরুণ খুনের ঘটনায় মামলা
যশোরের মনিরামপুর উপজেলায় আতাউর রহমান (২৪) হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা হয়েছে। গত সোমবার রাতে সন্ত্রাসীদের গুলিতে খুন হন এই তরুণ।
আতাউরের বাড়ি উপজেলার দহাকুলা গ্রামে। বাবার নাম আবুল কাসেম মোড়ল। তিনি বলেন, সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে আলীপুর গ্রামে কুলটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখর চন্দ্র রায়ের সঙ্গে দেখা করতে যান আতাউর। সঙ্গে ছিলেন তাঁর চাচাতো ভাই শহীদুল। তাঁরা ঝড়বৃষ্টিতে আলীপুর গ্রামে আটকা পড়েন। ঝড়বৃষ্টি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। শহীদুল মোটরসাইকেল চালাচ্ছিলেন। কুলটিয়া-মশিয়াহাটী সড়ক দিয়ে পাড়িয়ালী গ্রামের এ চালকলের সামনে এলে সন্ত্রাসীরা মোটরসাইকেল থামিয়ে আতাউরকে গুলি করে হত্যা করে।
পুলিশ বলছে, ২০১৫ সালের ২৯ মার্চ উপজেলার বাগডাঙ্গা গ্রামের নির্মাণশ্রমিক মানোয়ার সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ ঘটনায় মনিরামপুর থানায় করা হত্যা মামলার মূল আসামি ছিলেন আতাউর। তবে সিআইডি ও পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে তাঁর নাম বাদ পড়ে।
আতাউরের স্ত্রী শাহানাজ পারভিন রুমি গতকাল মনিরামপুর থানায় একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকাররম হোসেন বলেন, ‘স্থানীয় একটি বিরোধ নিয়ে আতাউরকে খুন করা হয়ে থাকতে পারে। আমরা ওই বিষয়টি নিয়ে তদন্ত করছি। হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চলছে।’
এদিকে ঘটনার পর আতাউরের সঙ্গে থাকা চাচাতো ভাই শহীদুল ইসলামকে ধরে নিয়ে যায় পুলিশ। গতকাল পর্যন্ত তিনি পুলিশের হেফাজতে ছিলেন। এ প্রসঙ্গে ওসি মোকাররম বলেন, শহীদুলকে তাঁরা থানায় রেখে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন।