যশোরে গুলিতে যুবক নিহত, পরিবার বলছে পুলিশ জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে গুলিতে হাফিজুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শহরের খোলাডাঙ্গা সার গোডাউন এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে পুলিশ তাঁকে গুলি করে হত্যা করেছে। এদিকে একই দিন ফেনীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।

যশোরে নিহত হাফিজুল যশোর শহরের ষষ্ঠীতলা বুনোপাড়া এলাকার শফি মিয়ার ছেলে। তিনি যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ছিলেন বলে দাবি করেছেন তাঁর ভাই সাইফুল ইসলাম। তবে যশোর সদর উপজেলা যুবলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘হাফিজুল যুবলীগের কোনো পদে ছিলেন না।’

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেনের ভাষ্য অনুযায়ী, খোলাডাঙ্গা এলাকায় সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাফিজুলের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার দুপুরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

তবে নিহত যুবকের বড় ভাই সাইফুল প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাফিজুল বাড়িতে ফেরেন। কিছুক্ষণ পরে তাঁর মুঠোফোনে একটি কল এলে কথা বলতে বলতে তিনি বাড়ির বাইরে যান। এ সময় তাঁকে সাদাপোশাকের তিন-চারজন লোক সাদা রঙের একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। লোকগুলোর মধ্যে একজনের কোমরে পিস্তল ছিল। অস্ত্রধারী লোকটিকে পুলিশ সদস্য হিসেবে তাঁরা আগে থেকে চেনেন। এরপর পুলিশের কাছে খোঁজখবর করেও তাঁরা হাফিজুলের কোনো হদিস পাননি।

তবে এ অভিযোগ অস্বীকার করে ওসি মো. ইলিয়াস হোসেন বলেন, ‘পুলিশ হাফিজুল নামের কাউকে আটক করেনি। কারা তাঁকে ধরে নিয়ে গিয়েছিল, তা আমাদের জানা নেই।’

ওসি আরও বলেন, হাফিজুলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকের ১২টি মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতের ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় অস্ত্র আইনে ও হত্যার অভিযোগে দুটি মামলা করেছে।

ফেনীতে নিহত দুই ব্যক্তি ডাকাত দলের সদস্য ছিলেন বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। তবে তাঁদের নাম-পরিচয় জানাতে পারেনি র‍্যাব। ময়নাতদন্তের পর দুজনের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ফেনী সদর মডেল থানায় র‌্যাবের পক্ষ থেকে তিনটি মামলা হয়েছে।

র‌্যাব-৭-এর ভাষ্য অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রামপুর এলাহি ইটভাটার কাছে বৃহস্পতিবার রাত পৌনে তিনটার দিকে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যায়। র‌্যাবের একটি দল সেখানে পৌঁছালে ডাকাতেরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ডাকাত দলের দুজন গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্যও আহত হন। ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল, দুটি শুটারগান, আটটি গুলি, তিনটি ম্যাগাজিন ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব।

র‌্যাব-৭-এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল বলেন, নিহত দুই ব্যক্তির পরিচয় গতকাল সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় ফেনী সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন ও সরকারি কর্মচারীর ওপর হামলার অভিযোগ এনে তিনটি মামলা হয়েছে।

ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জমান বলেন, ফেনী সদর হাসপাতালের মর্গ থেকে লাশ দুটি নেওয়ার জন্য গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ যোগাযোগ করেননি।