যশোরে গুলিবিদ্ধ আরও দুই লাশ, তিন দিনে পাওয়া গেল ছয়টি

২৪ ঘণ্টার ব্যবধানে যশোরে অজ্ঞাত পরিচয় আরও দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে গত তিন দিনে যশোরে ছয়টি লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে চারটি গুলিবিদ্ধ ও অপর দুটি ট্রেনে কাটা। তবে এ পর্যন্ত কারও পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আজ বুধবার সকালে যশোর-মনিরামপুর আঞ্চলিক মহাসড়কের কানাইতলা এলাকায় ওই লাশ দুটি পাওয়া যায়। পরে কোতোয়ালি থানার পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ দুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
আজ উদ্ধার হওয়া লাশ দুটির ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, ‘মধ্যরাতে খবর আসে কানাইতলা যাত্রীছাউনির পাশে দুর্বৃত্তরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দুটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার করে মর্গে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে হাঁসুয়া, করাত, কিছু রশি ও স্যান্ডেল জব্দ করা হয়েছে।’
ওসি বলেন, ধারণা করা হচ্ছে, ডাকাতদের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। নিজেদের গুলিতেই তারা নিহত হয়েছে। এ বিষয়ে থানায় দুটি মামলা হয়েছে। একটি হত্যা ও অপরটি ডাকাতি প্রস্তুতি আইনে। পুলিশ জানায়, নিহত দুজনের মধ্যে একজনের পরনে চেক লুঙি ও শার্ট এবং অন্যজনের পরনে কালো প্যান্ট ও ফুলহাতা গেঞ্জি রয়েছে। তাদের বয়স ৩৫ ও ৪৫ বছর হবে।
গত মঙ্গলবার সকালে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকা থেকে অজ্ঞাত পরিচয় মাথায় গুলিবিদ্ধ দুজনের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগের দিন সোমবার দুপুরে যশোর সদর উপজেলার বারীনগর-মথুরাপুর গ্রামের রেললাইনের পাশ থেকে ট্রেনে কাটা অজ্ঞাত পরিচয় আরও দুই ব্যক্তির লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। হত্যার পরে তাদের রেললাইনে ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশের ধারণা।