যশোরে গুলিবিদ্ধ দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের স্টেডিয়ামপাড়া ও সদর উপজেলার মালঞ্চি এলাকা থেকে গুলিবিদ্ধ দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে লাশ দুটি উদ্ধার করা হয়।

এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি যশোর শহরের খোলাডাঙ্গা এলাকার আব্বাস গাজীর ছেলে হাবিব গাজী (২৬)। ময়নাতদন্তের পর তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যজনের লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

যশোর জেনারেল হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে দুপুর বেলা সোয়া দুইটার দিকে স্বজনদের কাছে হাবিবের লাশ হস্তান্তর করা হয়। এ সময় মর্গের সামনে হাবিবের ভাই আসাদ গাজী প্রথম আলোকে বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে খোলাডাঙ্গা এলাকার হাসানের বাড়ি থেকে হাবিবসহ পাঁচজনকে পুলিশ আটক করে। এ সময় চারজনকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়া হয়। আর হাবিবকে পুলিশের গাড়িতে করে অজানা স্থানে নেওয়া হয়। এরপর রাতেই থানায় গিয়ে হাবিবের খোঁজ করা হলে পুলিশ তাঁকে আটক করেনি বলে জানায়। একদিন পর শনিবার সকালে টেলিভিশনে খবর দেখে হাসপাতালের মর্গে এসে তাঁর লাশ পাই।’ পুলিশ ধরে নিয়ে গিয়ে হাবিবকে হত্যা করেছে বলেও তিনি দাবি করেন।

আটকের অভিযোগ অস্বীকার করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, খোলাডাঙ্গা এলাকার হাসানের বাড়ি থেকে কাউকে আটক করা হয়নি। বরং ওই রাতে হাসানের বাড়িতে বোমা হামলা চালানো হয়েছিল। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আর নিহত হাবিব এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক দ্রব্য, বিস্ফোরক দ্রব্য, ডাকাতি ও মারামারির ৯টি মামলা রয়েছে।

এর আগে ওসি জানিয়েছিলেন, সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হন। চোরাই মোটরসাইকেল বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে একটি সংঘর্ষ ও শহরের খোলাডাঙ্গা এলাকায় চিহ্নিত এক সন্ত্রাসীর বাড়িতে বোমা হামলার জেরে অপর সংঘর্ষের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। মালঞ্চি এলাকা থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল কান্তি মল্লিক সাংবাদিকদের জানান, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ দুই যুবককে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে।

এদিকে অজ্ঞাত পরিচয়ের যুবকের লাশ যে জায়গা থেকে উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়, সেই যশোর শামস-উল-হুদা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামের ফটকের সামনে দুপুরে গিয়ে সেখানে ছোপ ছোপ কালো কালো রক্তের দাগ দেখা যায়। জিমনেসিয়ামে সংস্কারের কাজ চলছে। ঘটনাস্থল থেকে ১০ গজ দূরের একটি ঘরে সংস্কারকাজে নিয়োজিত কর্মীরা রাতে ঘুমিয়ে ছিলেন। রাতে তাঁরা গোলাগুলির কোনো শব্দ শুনেছেন কিনা জানতে চাইলে দুজন বলেন, কোনো ধরনের শব্দ শুনতে পাননি। সকালে ঘুম থেকে ওঠে দেখেন রাস্তার ওপরে রক্তের দাগ। পরে জানতে পারেন, এখান থেকে রক্তাক্ত অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে।