যশোরে গৃহবধূ গুলিবিদ্ধ
যশোর শহরের পুরোনো কসবার ঘোষপাড়া এলাকায় জান্নাতুল নেছা শান্তা নামের এক গৃহবধূকে কে বা কারা গুলি করে পালিয়ে গেছে। গতকাল বুধবার ঘোষপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জান্নাতুল ঘোষপাড়া এলাকার তারিকুজ্জামান ওরফে সুজনের স্ত্রী। তাঁকে প্রথমে যশোর জেনারেল হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে জান্নাতুল (৩৪) প্রাতর্ভ্রমণের জন্য বাড়ি থেকে বের হন। ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে কে বা কারা তাঁর বাঁ পায়ে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ জান্নাতুলকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে জান্নাতুলকে গুলি করা হতে পারে। ঘটনার পর থেকে তাঁর স্বামী তারিকুজ্জামান পলাতক। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল।