যশোরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
যশোর সদর উপজেলার মদনপুর গ্রামে আশা রানী দাস (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে পুলিশ মদনপুর গ্রামের পাচু দাসের বাড়ির শোবার ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে দুপুরে আশা রানীর মা জেরো দাসী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও নিহত গৃহবধূর স্বজনদের কাছ থেকে জানা গেছে, সকালে ঘরের ভেতরে আশার লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। এ সময় বাড়ির অন্য সদস্যরা পলাতক ছিলেন।
জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, ঘরে রাখা তিন হাজার টাকা হারিয়ে যায়। এ নিয়ে স্বামী পাচু দাসের সঙ্গে স্ত্রী আশার বাগ্বিতণ্ডা হয়। মারধর করার একপর্যায়ে পাচু আশার গলা টিপে ধরেন। এতে আশার মৃত্যু হয়। এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। অন্যরা পলাতক।
নিহত আশার পিসিমা (ফুফু) সূর্য দাসী বলেন, ১১ মাস আগে তাঁদের বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই সংসারে অশান্তি ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আশাকে পিটিয়ে ও গলা টিপে হত্যার পর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। সকালে স্বামী ও শ্বশুর ঘরের আড়া থেকে লাশ নামিয়ে আত্মহত্যা বলে প্রচার করতে থাকে।
আশার কাকা তাপস দাস বলেন, ঘরে রাখা তিন হাজার টাকা দিয়ে পাচু লটারি খেলার টিকিট কেনেন। এ নিয়ে স্ত্রী আশার সঙ্গে তাঁর ঝগড়া হয়। একপর্যায়ে আশাকে পিটিয়ে হত্যা করা হয়।