যশোরে গৃহবধূর লাশ উদ্ধার
যশোর সদর উপজেলার ভাতুড়িয়া গ্রাম থেকে হাসি বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে নিজ ঘরের খাটের ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, যৌতুকের জন্য তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
হাসি বেগম (২০) ভাতুড়িয়া গ্রামের আবদুর রহিমের স্ত্রী। মাস ছয়েক আগে তাঁদের বিয়ে হয়। হাসি মনিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামের ডালিম হোসেনের মেয়ে।
গৃহবধূর চাচা মজিবর রহমান গণমাধ্যমকর্মীদের বলেন, আবদুর রহিম গত ডিসেম্বরে মোটরসাইকেল কিনে দিতে হাসিকে চাপ দেন। বাধ্য হয়ে মোটরসাইকেল দেওয়া হয়। পরে মোটরসাইকেলের লাইসেন্স করার জন্য আবার টাকা দাবি করেন তিনি। এ নিয়ে বাগ্বিতণ্ডার জেরে হাসিকে তিনি নির্যাতন করতেন। তাঁদের ধারণা, গত শুক্রবার মধ্যরাতে হাসিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
গ্রামের বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে আবদুর রহিম পলাতক রয়েছেন।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল বাশার বলেন, ময়নাতদন্তের জন্য গৃহবধূর লাশ যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।