যশোরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
যশোর শহরের পুরাতন কসবা লিচুতলা এলাকা থেকে জেসমিন খাতুন (১৯) নামে এক গৃহবধূর লাশ গতকাল শুক্রবার সকালে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে।
জেসমিন শহরের পুরাতন কসবা লিচুবাগান এলাকার ফিরোজ হোসেনের স্ত্রী ও যশোর সদর উপজেলার বিরামপুর গ্রামের আয়ুব হোসেনের মেয়ে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, গৃহবধূর শরীরে মারধরের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ জন্য প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ ব্যাপারে জেসমিনের বাবা আয়ুব হোসেন বাদী হয়ে থানায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামি স্বামী ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, পুরাতন কসবা এলাকার ফিরোজ হোসেনের ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া লাশ দেখে পরিবারের লোকজন থানায় খবর দেন। পুলিশ গিয়ে গতকাল সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় পুলিশ জেসমিনের স্বামী ফিরোজকে আটক করে।
এ ব্যাপারে জেসমিনের বাবা আয়ুব হোসেনের অভিযোগ, তাঁর মেয়েকে যৌতুকের দাবিতে স্বামী ফিরোজ ও শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই মারপিট করতেন। তাকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। পরে আত্মহত্যা বলে শ্বশুরবাড়ির লোকজন চারপাশে প্রচার চালান।