যশোরে চার ব্যবসায়ী নেতা গ্রেপ্তার, বিক্ষোভ
যশোর শহরে আটক চার ব্যবসায়ীকে একটি বোমা হামলার মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত সোমবার গভীর রাতে আটক করে গতকাল মঙ্গলবার বিকেলে তাঁদের যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
প্রতিবাদে শহরের রবীন্দ্রনাথ সড়কের ব্যবসায়ীরা আধা বেলা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে জেলা প্রশাসক ও কোতোয়ালি থানার সামনে অবস্থান নেন। তাঁরা অবিলম্বে ওই চার ব্যবসায়ীর মুক্তি দাবি করেন।
গ্রেপ্তার চার ব্যবসায়ী হলেন যশোর মটর পার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ মকসের আলী, যশোর টাইলস ও মোজাইক দোকান মালিক সমিতির সভাপতি সাজ্জাত হোসেন ও জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও গাড়ির যন্ত্রাংশ ব্যবসায়ী মোস্তফা গোলাম কাদের।
যশোর মটর পার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম ফারুখ বলেন, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই। মূলত যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে তাঁরা বিএনপিপন্থী প্যানেলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামীপন্থী প্যানেলকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে তাঁদের আটক করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
অভিযোগ অস্বীকার করে যশোর কোতোয়ালি থানার ওসি সিকদার আক্কাস আলী বলেন, বোমা হামলার মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।