যশোরে চীনা নাগরিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের সদর উপজেলার উপশহর এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকালে এক চীনা নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। চীনা ওই নাগরিকের নাম চাং হিং সং (৪৬)।

পুলিশের ভাষ্য, চীন থেকে ইজিবাইকের ব্যাটারি এনে যশোরের উপশহর এলাকায় ব্যবসা করতেন চাং হিং সং। ব্যবসার কারণে উনি অনেকের কাছে টাকা পান। সেই টাকা নিয়ে এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় চাং হিং সংয়ের দোভাষী নাজমুল হাসান পারভেজ ও ব্যক্তিগত সহকারী মোকতাদির চৌধুরী রাজুকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে এ দুজন হত্যার দায় স্বীকার করেছেন। দুজনেরই বাড়ি নেত্রকোনায়।

চাং হিং সংয়ের স্ত্রী ট্রমা লাইন গতকাল বুধবার রাতে ঢাকা থেকে যশোরে এসেছেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন, গতকাল বুধবার রাত ১১টার দিকে পুলিশ জানতে পারে, ওই এলাকায় একজন খুন হয়েছেন। আজ সকালে চীনা এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। লাশ যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) যশোরের ওসি ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রড দিয়ে চাং হিং সংয়ের মাথায় আঘাত করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে।

যশোরের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান ও জেলা প্রশাসক (ডিসি) হ‌ুমায়ূন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে এসপি আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, আটক দুজন হত্যার দায় স্বীকার করেছেন। এলাকায় ব্যবসার কারণে টাকা আত্মসাতের ঘটনায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

ডিসি হ‌ুমায়ূন কবির সাংবাদিকদের বলেন, এটি একটি বিচ্ছিন্ন ও দুঃখজনক ঘটনা। পরিবার যেভাবে চায়, সেভাবে লাশ হস্তান্তরের ব্যবস্থা নেব।