যশোরে ছাত্রলীগের সাবেক নেতা গুলিবিদ্ধ
যশোর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে যশোর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার লেবুতলা এলাকায় এ ঘটনা ঘটে।
তরিকুলের বাড়ি সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের গহেরপুর গ্রামে। তাঁর ভাই রিপন হোসেন জানান, তরিকুল লেবুতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য আগাম প্রচারণা চালাচ্ছিলেন।
পুলিশ ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে তরিকুল লেবুতলা বাজার থেকে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে এসে কয়েকজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করে। তরিকুলকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আককাছ আলী বলেন, ‘যারা গুলি করেছে, তারা স্থানীয় সন্ত্রাসী। গুলি করার সময় তরিকুল তাদের চিনতে পেরেছেন। তিনি পুলিশের কাছে চারজন সন্ত্রাসীর নাম বলেছেন। তবে এখনো মামলা হয়নি।’
যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, তরিকুল যশোর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত।