যশোরে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের রায়পাড়া এলাকায় কলেজছাত্র হাসিবুল হাসান ওরফে জিমকে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হাসিবুল যশোর সরকারি সিটি কলেজের উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণির ছাত্র। সে শহরের চোরমারা দিঘিপাড় এলাকার শেখ আজম তরফদারের ছেলে।
হাসিবুল হত্যার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থল সংলগ্ন এলাকায় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ককটেলের আঘাতে রেজোয়ানুল হাসান নামের এক কিশোর আহত হয়। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, হাসিবুল কয়েকজন বন্ধুসহ রায়পাড়া এলাকার এক মাদক বিক্রেতার বাড়ির সামনে আড্ডা দিচ্ছিল। এ সময় তাদের নিজেদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্য থেকে একজন হাসিবুলের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, হাসিবুলসহ তার কয়েকজন বন্ধু মাদক সেবন করছিল। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে একজন ক্ষিপ্ত হয়ে তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এতে তার মৃত্যু হয়। হত্যাকারীদের কয়েকজনের নাম জানা গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।