যশোরে ছুরিকাঘাতে খুন ১, জখম ৩
যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় মানিক হোসেন (৩০) নামের একজনকে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিক হোসেন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
নিহত মানিক হোসেন শহরের কাজীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। আহতেরা হলেন, কাজীপাড়া এলাকার রিপন হোসেন (৩৫), জাহাঙ্গীর হোসেন ও সাতক্ষীরা সদর উপজেলার রায়হান হোসেন। রায়হান যশোরে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন রিপন হোসেন সাংবাদিকদের জানান, রাতে তারা চারজন শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার ঘোষ ডেয়ারি হোটেলের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় সাত-আটজন দুর্বৃত্ত অস্ত্রসহ সেখানে উপস্থিত হয়ে অতর্কিত মানিককে ছুরিকাঘাত করে। ঠেকাতে গেলে দুর্বৃত্তেরা আমাদের তিনজনকে ছুরি মেরে জখম করে।
নিহত মানিকের ভাই সলেমান হোসেন দাবি করেন, মানিক যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পাশাপাশি ডিশ ব্যবসায়ীর প্রতিষ্ঠানে চাকরি করতেন। বাড়ির পাশের দোকানে বসে তারা কয়েকজন বন্ধু প্রায় আড্ডা দিতেন। গতকাল মঙ্গলবার রাতেও তারা আড্ডা দেন। দুর্বৃত্তেরা সেখানে গিয়ে মানিককে ছুরি মারে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, কি কারণে মানিককে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে পূর্ব কোনো দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। তবে, আটককৃতদের নাম পরিচয় পরে জানানো হবে বলেও ওসি জানান।