যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর শহরতলির পাগলাদহ এলাকার একটি বাড়ি ঘিরে ফেলে পুলিশ। ছবি: এহসান উদ দৌলা
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর শহরতলির পাগলাদহ এলাকার একটি বাড়ি ঘিরে ফেলে পুলিশ। ছবি: এহসান উদ দৌলা

যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও  করে রেখেছে পুলিশ। বাড়িটি যশোর শহরতলির পাগলাদহ এলাকায়। আজ সোমবার সন্ধ্যা থেকে অন্তত পুলিশের ১০০ সদস্য বাড়িটির চারপাশে অবস্থান নিয়েছেন। ঘটনাস্থলের আশপাশে পুলিশ কাউকে যেতে দিচ্ছে না।

এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, পাগলাদাহ এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরকসহ জঙ্গি থাকতে পারে, এমন তথ্যের ভিত্তিতে ঘিরে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলেন, বিরামপুর-পাগলাদহ গ্রামের সংযোগ সৃষ্টিকারী সেতুর কাছাকাছি বাড়িটি অবস্থিত। ঘটনাস্থলে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের ১০০-এর মতো সদস্য অবস্থান নিয়েছেন। সংবাদকর্মীরা ওই বাড়ি থেকে ২০০ গজ দূরে অবস্থান করছেন। বাড়িটি মোজাফফর নামের এক ব্যক্তির বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে অাটক করা হয়েছে। 

জঙ্গি আস্তানা সন্দেহে যশোর শহরতলির পাগলাদহের বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। ছবি: এহসান উদ দৌলা
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর শহরতলির পাগলাদহের বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। ছবি: এহসান উদ দৌলা

পুলিশ সুপার উপস্থিত সংবাদকর্মীদের বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়িটি ঘিরে রেখেছে।

জঙ্গি আস্তানা সন্দেহে  ৯ অক্টোবর রাত দুইটা থেকে পুলিশ যশোর শহরের ঘোপ নওয়াপাড়া সড়কের একটি বাড়ি ঘিরে রাখে। পরদিন বিকেল সোয়া পাঁচটায় ওই বাড়ি থেকে তিন সন্তানসহ খাদিজা আকতার নামের এক নারী আত্মসমর্পণ করেন। পুলিশের কয়েকটি দল ১৫ ঘণ্টা ধরে ওই বাড়িতে ‘অপারেশন মেল্টেড আইস’ চালায়।

খাদিজা রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় জড়িত এবং পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত নুরুল ইসলাম মারজানের বোন এবং নব্য জেএমবির দক্ষিণাঞ্চলপ্রধান হাদিছুর রহমান ওরফে সাগর ওরফে মশিউর রহমানের স্ত্রী।