যশোরে জামায়াতের কার্যালয়ে পুলিশের তল্লাশি, আটক ১
জামায়াতে ইসলামীর যশোর জেলা কার্যালয়ে আজ মঙ্গলবার তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় মওদুদীর কয়েকটি বই ও সংগঠনের কিছু কাগজপত্রসহ কার্যালয় থেকে বায়েজিদ বোস্তামী নামের একজনকে আটক করা হয়েছে। বেলা তিনটার দিকে প্রায় ৫০ জন পুলিশ যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় জামায়াতের কার্যালয়ে এ তল্লাশি চালায়।
পুলিশের দাবি, জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে এ তল্লাশি চালানো হয়। আগামীকাল বুধবার এ রায় ঘোষণা করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক প্রথম আলোকে বলেন, আগামীকাল বুধবার জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায় ঘোষণা করা হবে। নাশকতা সৃষ্টি করার মতো কোনো সরঞ্জাম দলীয় কার্যালয়ে রাখা আছে কি না তা দেখার জন্য সেখানে অভিযান চালানো হয়েছে। সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া মওদুদীর লেখা কিছু বইপত্র জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
জেলা জামায়াতের প্রচার সম্পাদক মো. সাহাবুদ্দিন অভিযোগ করে বলেন, পুলিশ কার্যালয়ে ঢুকে সংগঠনের গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করেছে। অফিস সহকারী বায়েজিদ বোস্তামীকে ধরে নিয়ে গেছে তারা।